ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী : জাতিসংঘ

প্রতিবেদক
হাসান মাহমুদ
২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৫ বিকাল

Link Copied!

নিজের ঘরই যেন নারীর জন্য সবচেয়ে অনিরাপদ স্থান। বিশ্বজুড়ে ২০২৫ সালে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও মেয়েশিশু হত্যার শিকার হয়েছেন সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে। বছরজুড়ে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের প্রকাশিত দুটি পৃথক প্রতিবেদনে নারী নির্যাতন ও বিচারহীনতার এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস (২৫ নভেম্বর) সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) ও ইউএন উইমেন যৌথভাবে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ প্রকাশ করে। পাশাপাশি ৫৪টি দেশের তথ্যের ভিত্তিতে ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভারস অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে ইউএন উইমেন।

প্রতিবেদনে দেখা গেছে, গত বছর বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর ৬০ শতাংশই প্রাণ হারিয়েছেন সঙ্গী বা স্বজনদের হাতে। অন্যদিকে, জীবনে কখনো না কখনো শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন প্রায় ৮৪ কোটি নারী ও মেয়েশিশু—যা বিশ্বের মোট নারীর প্রায় এক-তৃতীয়াংশ। কিন্তু পরিবার, সমাজ বা কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন মাত্র ২৩ শতাংশ, আর পুলিশের কাছে অভিযোগ করেছেন কেবল ৭ শতাংশ। আরও উদ্বেগজনক হলো, অভিযোগ করা মামলার ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই অপরাধীর কোনো সাজা হয় না।

আস্থাহীনতায় নীরব থাকছেন ভুক্তভোগীরা :
অনেক নারীর জন্য নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার অর্থ-বাড়িঘর, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেনের উপ-নির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বোনজভান্দা বলেন, ‘আমরা যেসব দেশে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, তার বেশিরভাগ দেশেই এই নীরবতা আরও প্রকট হচ্ছে। আগের চেয়ে আজ কম নারী সহায়তা চাইছেন। আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তথ্য বলছে, বিশ্বজুড়ে বিচারব্যবস্থা নীরব থাকাকেই একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তে পরিণত করেছে।’

ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কাউকে বিশ্বাস করতে কোনো অর্থ খরচ হয় না। কিন্তু প্রতিটি ক্ষেত্রে একজন ভুক্তভোগীকে বিশ্বাস করা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে।’

বিচারহীনতার সংস্কৃতির কথা তুলে ধরে ইউএন উইমেনের নারীর প্রতি সহিংসতা নির্মূল শাখার প্রধান ক্যালিওপি মিঙ্গিরু বলেন, বিচারের দীর্ঘসূত্রতায় পথেই অনেক মামলা ঝরে পড়ে; ভুক্তভোগীরা বারবার জেরা ও ভয়ভীতির শিকার হন এবং ক্ষমতাশালী অপরাধীরা পার পেয়ে যান। ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা এই অবস্থার জন্য ভীতিকর দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যর্থতাকে দায়ী করেন। তার মতে, এসব কারণে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যার মতো ঘটনাও সমাজে ‘সহনীয়’ হয়ে উঠছে।

আঞ্চলিক বৈষম্য ও অনলাইনে নতুন ঝুঁকি :
সহায়তা চাওয়ার প্রবণতায় অঞ্চলভেদে বড় পার্থক্য দেখা গেছে। এশিয়ায় মাত্র ১৬ শতাংশ ভুক্তভোগী সহায়তা চান; আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে ৬৪ শতাংশ নারী ঘনিষ্ঠ কারও কাছে নির্যাতনের কথা বললেও পুলিশের কাছে যান মাত্র ১৪ শতাংশ।

প্রতি এক লাখ নারীর মধ্যে সঙ্গী বা পরিবারের হাতে হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায় (২.৯ জন)। এরপর রয়েছে আমেরিকা অঞ্চল (১.৪), ওশেনিয়া (১.১), এশিয়া (০.৬) এবং ইউরোপ (০.৫)। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বে সাধারণ হত্যাকাণ্ড কমলেও নারী হত্যার (ফেমিসাইড) হার কমেছে অনেক ধীরগতিতে। এই সময়ে আমেরিকায় সাধারণ হত্যার হার নারী হত্যার চেয়ে প্রায় দ্বিগুণ এবং ইউরোপে দেড় গুণ দ্রুতগতিতে কমেছে।

বাস্তব জগতের পাশাপাশি ডিজিটাল পরিসরেও বাড়ছে সহিংসতা। জরিপে অংশ নেওয়া মানবাধিকারকর্মী, অ্যাকটিভিস্ট ও সাংবাদিকসহ জনজীবনে সক্রিয় ৭০ শতাংশ নারী অনলাইনে সহিংসতার শিকার হয়েছেন। গুম্বোনজভান্দা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কয়েক সেকেন্ডেই নারীদের আপত্তিকর ডিপফেক ছবি তৈরি করা যাচ্ছে, যা তাদের সারাজীবন তাড়া করে ফেরে।

সমন্বিত পদক্ষেপের আহ্বান :
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত চলমান ‘১৬ দিনের কর্মসূচি’র প্রাক্কালে এই প্রতিবেদন দুটি প্রকাশ করা হলো। এ বছরের প্রতিপাদ্য— ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের রক্ষা করুন, বিচারহীনতার অবসান ঘটান’।

সংহতি প্রকাশে বিশ্ববাসীকে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ বা কমলা রঙে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি পুলিশকে নির্বিঘ্নে অভিযোগ গ্রহণ ও তদন্ত, আদালতকে ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ, সরকারকে নিরাপদ আশ্রয় ও সেবা নিশ্চিত করা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২

শিশুখাদ্য তৈরিতে ভয়ংকর অনিয়ম, কারখানাকে জরিমানা

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি!

পরপর দুইবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পাংচার চাকা সারাতে গিয়ে প্রাণ গেল চালকের

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪

ভয়াবহ বন্যার ঝুঁকিতে নিউজিল্যান্ডের পর্যটন গ্রাম, প্রাণহানির আশঙ্কা

সমুদ্রের নিচে তেল উত্তোলন, ভয়াবহ দূষণের ঝুঁকিতে হাজারো সামুদ্রিক প্রাণী!