ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সৌন্দর্যের আড়ালে মৃত্যুফাঁদ, ক্যালিফোর্নিয়ার সৈকতে ছয় মাসে চার মৃত্যু

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মনোরম প্যান্থার স্টেট বিচ এখন পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত পাহাড়, গুহা, পাথুরে খাঁজ ও ছোট ছোট বালুকাবেলার সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন তরুণ-তরুণীরা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে প্রাণঘাতী ঝুঁকি। গত ছয় মাসে সৈকতটিতে চার তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়া ২৪ বছর বয়সী এক তরুণীর এখনো খোঁজ মেলেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ ও হাফ মুন বে এলাকার মধ্যবর্তী উপকূলে অবস্থিত প্যান্থার বিচ। প্রায় ৫০ ফুট উঁচু শেল পাথরের খাড়া পাহাড় এবং বড় বড় ঢেউয়ের আঘাতে ক্ষতবিক্ষত ছোট ছোট সৈকত এলাকাটিকে আকর্ষণীয় করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মনোরম দৃশ্য ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক বছরগুলোতে সেখানে দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে।

কিন্তু গত ছয় মাসে একের পর এক দুর্ঘটনায় সৈকতটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিহত চারজনের মধ্যে একজন পাহাড়ের ওপর থেকে পড়ে মারা যান। আরেকজন পাথরের ওপর থাকা অবস্থায় ঢেউয়ের ধাক্কায় পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা যান। অন্য দুজন সৈকতে বিশ্রাম নেওয়ার সময় সমুদ্রের ঢেউয়ে ভেসে যান।

এ ছাড়া গত ৮ নভেম্বর ২৪ বছর বয়সী সে নাহ পার্ক বন্ধুদের সঙ্গে সৈকতে আগুন জ্বালিয়ে সময় কাটাতে গিয়েছিলেন। রাতে ফেরার সময় সৈকতের পরিচিত ‘কিহোল’ আকৃতির পাথুরে খিলানপথ দিয়ে পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় তিনি পানিতে পড়ে সমুদ্রে ভেসে যান। সম্প্রতি সৈকত থেকে কিছু দূরে তার একটি ব্যাগ পাওয়া গেলেও এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পার্কের নিখোঁজ হওয়ার ঘটনায় সৈকতটির ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কেন এত বিপজ্জনক হয়ে উঠছে সৈকতটি?
বিশেষজ্ঞদের মতে, প্যান্থার বিচের অন্যতম বড় বিপদ হলো জোয়ারের সময় সমুদ্রের পানির দ্রুত উচ্চতা বেড়ে যাওয়া। তখন ঢেউ সরাসরি পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যায় এবং সৈকতের সরু বালুকাবেলা পানির নিচে হারিয়ে যায়। ফলে অনেক সময় দর্শনার্থীরা পাহাড় ও পাথরের মাঝখানে আটকা পড়েন। বিশেষ করে শীতকালে এ ঝুঁকি আরও বাড়ে।

এ বছর শক্তিশালী এল নিনোর প্রভাবে সমুদ্রের জোয়ারের উচ্চতা এবং ঢেউয়ের শক্তি বেড়েছে। এতে সৈকতটির আগে থেকেই বিদ্যমান বিপদ আরও তীব্র হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু এল নিনোই এসব দুর্ঘটনার কারণ নয়। দীর্ঘদিন ধরেই এলাকাটিতে শক্তিশালী ঢেউ, বিপজ্জনক স্রোত এবং আকস্মিক জোয়ারের ঝুঁকি রয়েছে।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা সংস্থা ক্যালফায়ারের (CalFire) জনসংযোগ কর্মকর্তা মাইকেল হর্ন বলেন, মানুষ সৈকতের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে থাকা বিপদ সম্পর্কে সচেতন থাকে না।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস কর্তৃপক্ষ সৈকতের প্রবেশপথ ও পার্কিং এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। সেখানে বিপজ্জনক সামুদ্রিক স্রোত, ঠান্ডা পানি, উচ্চ জোয়ার এবং পানিতে আটকে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা ক্রুজ ক্যাম্পাসের অধ্যাপক গ্যারি গ্রিগসের মতে, সৈকতটির ভূতাত্ত্বিক গঠনও ঝুঁকিপূর্ণ। পাহাড়ের পাথরে অসংখ্য ফাটল থাকায় সেখানে গুহা, সুড়ঙ্গ ও খিলান তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পার্কিং এলাকা পাকা করা, নতুন শৌচাগার নির্মাণ এবং উপকূলীয় সাইকেলপথ তৈরি হওয়ায় দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ হয়েছে। ফলে অনেকেই এলাকাটিকে নিরাপদ পর্যটনকেন্দ্র মনে করছেন।

নিরাপত্তা বাড়াতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে?
সৈকতে দুর্ঘটনা ঠেকাতে আরও কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। দুর্ঘটনায় নিহত এক তরুণের বাবা সৈকতের প্রবেশপথে সেখানে মৃত্যুর সংখ্যা উল্লেখ করে সতর্কবার্তা প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন।

তবে ক্যালফায়ারের কর্মকর্তা মাইকেল হর্নের মতে, ক্যালিফোর্নিয়ার পুরো উপকূলজুড়ে বেড়া বা প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে আটকে রাখা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো জায়গা জনপ্রিয় হয়ে উঠলে মানুষ সেখানে যাওয়ার বিকল্প পথ খুঁজে নেবে।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি উদ্যোগকে কার্যকর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে ২০২০ সাল থেকে আবহাওয়া দপ্তর বিপজ্জনক ঢেউ বা সমুদ্রের বিশেষ সতর্কতা জারি করলে লাইফগার্ডরা বিভিন্ন সৈকতে গিয়ে সরাসরি পর্যটকদের সতর্ক করেন। বছরে গড়ে ৩০০ বারের বেশি এ ধরনের আগাম সতর্কতামূলক যোগাযোগ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এ কর্মসূচি শুরুর পর থেকে ওরেগনের দক্ষিণ উপকূলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞদের পরামর্শ, সৈকতে যাওয়ার আগে আবহাওয়া ও জোয়ারের পূর্বাভাস জেনে নেওয়া, পানির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা এবং ভেজা বালুর ওপর নিরাপদ ভেবে অবস্থান না করা জরুরি। কারণ, যে জায়গায় কিছুক্ষণ আগে সমুদ্রের পানি ছিল, ঢেউ ফিরে এলে সেখানে আবারও পানি পৌঁছাতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

পিকেএসএফের সহায়তায় প্রায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ

সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলে শনাক্ত ৫৩ হাজারের বেশি যক্ষ্ম রোগী

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

রাজস্ব আয় না বাড়লে বিনিয়োগ-বাণিজ্যে ভারসাম্য সম্ভব নয়: অর্থমন্ত্রী

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল