
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জেইউএসটি) মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ডিরেক্টর, স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের আয়োজনে এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সহযোগিতায় প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি সমন্বয় করে জেইউএসটি অ্যান্টি-ড্রাগ সোসাইটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রফিউল হাসান। সঞ্চালনায় ছিলেন আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মাজিদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসাইন। মূল আলোচক ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ রাখী গাঙ্গুলী।
বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার উপায়, বিভিন্ন আসক্তির ভয়াবহতা এবং তা থেকে দূরে থাকার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মানসিক সুস্থতা বজায় রাখতে সচেতনতা এবং ইতিবাচক জীবনধারা অপরিহার্য। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।