
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নানা অনিয়মের দায়ে একটি হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মঠেরবাজার এলাকার ভাই ভাই হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
ইউএনও জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলটির ব্যবসা পরিচালনার অভিযোগে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, হোটেলে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। রান্নায় ব্যবহার করা হচ্ছে পোড়া তেল। একই বঁটি দিয়ে মাছ-মাংসের পাশাপাশি সালাদও কাটা হচ্ছে। এ ছাড়া কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, প্রয়োজনীয় অনুমোদন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের মতো অনিয়মও পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
ইউএনও জাকিয়া সুলতানা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।