সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় হাম ও রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার নয়টি উপজেলায় পূর্বে টিকা থেকে বাদ পড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই জরুরি টিকা দেওয়া হবে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রথমে জেলা সদর হাসপাতাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। পরে ধাপে ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে ১ লাখ ৫০ হাজার ভিটামিন এ ক্যাপসুল এবং ৫০ হাজার হাম টিকা মজুত রয়েছে, যা শিশুদের দেওয়া হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন মহলে আরও টিকার জন্য চাহিদা পাঠানো হয়েছে।
টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেনসহ সংশ্লিষ্টরা।
এদিকে, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২১ জনের মধ্যে ৭ জনকে হামের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে তারা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


