
বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আমতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম শাওন এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা বেল্লাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষকাটা এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আমতলীর দিকে আসছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ মোট পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে বেল্লাল মারা যান। অপর আহত মিরাজুল ইসলাম শাওন পটুয়াখালী হাসপাতালে পৌঁছালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।