ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

মানুষের গড় আয়ু বাড়ায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা নতুন করে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।

এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘দ্য এইজ অব লংজিবিটি : রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রতিপাদ্যটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ হিসেবে বার্ধক্যে উপনীত হওয়া অনিবার্য। তাই প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন।

বাংলাদেশসহ বিশ্বের সব প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা প্রদানের পরিমাণও বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগ প্রবীণদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রবীণদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা শুধু অতীতের গল্প নন; তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের শ্রম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছেন। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করা সবার অঙ্গীকার হওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাসচাপায় কালীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত

ইংল্যান্ডে ২০ লাখ মানুষ জানেন না, তাদের বাড়ি বন্যার ঝুঁকিতে

আফ্রিকায় পরিবেশগত দূষণে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি

চলতি বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড

Recovery is an Ongoing Journey Toward a Healthy, Meaningful and Fulfilling Life

রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা

কালীগঞ্জে বাসের ধাক্কায় পৌরসভার কসাইখানা পরিদর্শক নিহত

দেশের কোথাও বৃষ্টি, কোথাও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বান রাষ্ট্রপতির

কৃত্রিম এলপিজি সংকট তৈরি করলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

অক্টোবরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সড়কের পাশে ময়লার স্তূপ, নাক-মুখ চেপে চলছেন হাজারো মানুষ