
একসময় অতিবৃষ্টি, তীব্র রোদ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মৌসুমি প্রতিকূলতার কারণে মানসম্মত সবজির চারা উৎপাদন ছিল কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আধুনিক কৃষি প্রযুক্তি পলি নেট হাউজ সেই চিত্র বদলে দিচ্ছে। দিনাজপুরের বিরল উপজেলায় এ প্রযুক্তির সফল ব্যবহারে এখন বছরজুড়েই নিয়ন্ত্রিত পরিবেশে রোগমুক্ত ও উন্নতমানের সবজির চারা উৎপাদন হচ্ছে।
উপজেলার ১০ নম্বর রানিপুকুর, ৮ নম্বর ধর্মপুর ও ৩ নম্বর ধামইড় ইউনিয়নে স্থাপন করা হয়েছে আধুনিক পলি নেট হাউজ। এসব হাউজে সারাবছরই বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে লাউ, কুমড়া, পেঁপে, মরিচ, ফুলকপি ও বাঁধাকপি। পাশাপাশি অফ-সিজনেও স্ট্রবেরি, ক্যাপসিকামসহ বিভিন্ন বিদেশি জাতের সবজির চারা উৎপাদন করা হচ্ছে।
পলি নেট হাউজের অন্যতম সুবিধা হলো, এতে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব অনেকটাই কমিয়ে আনা যায়। ফলে স্বাস্থ্যবান ও রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব হয়। ভালো মানের চারা দিয়ে চাষাবাদ শুরু করায় কৃষকরাও অধিক ফলনের প্রত্যাশা করছেন।
বিরলের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও কৃষকরা এসব হাউজ থেকে চারা সংগ্রহ করছেন। অনেক কৃষক আগাম বুকিং দিয়ে চারা নিচ্ছেন। ফলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্যোক্তাদের জন্যও তৈরি হয়েছে নতুন আয়ের সুযোগ।
পলি নেট হাউজভিত্তিক ফারমার্স হাবের স্বত্বাধিকারী এমদাদুল হক বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি পলি নেট হাউজ স্থাপনে উৎসাহিত হন। বর্তমানে ভালোভাবেই চারা বিক্রি করতে পারছেন। শুধু বিরল নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও কৃষকরা তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন। এতে তিনি স্বাবলম্বী হয়েছেন।
স্থানীয় কৃষকরা জানান, এমদাদুল হক স্বল্পমূল্যে মানসম্মত ও রোগমুক্ত চারা সরবরাহ করছেন। এসব চারা দিয়ে তারা ভালো ফলনও পাচ্ছেন। ফলে কৃষকদের মধ্যে তার চারার প্রতি আস্থা তৈরি হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার কৃষক পলি নেট হাউজ পরিদর্শনে এসে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নিচ্ছেন।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, আধুনিক কৃষিতে পলি নেট হাউজ একটি কার্যকর প্রযুক্তি। উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। ভবিষ্যতে এ প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণে কাজ করা হচ্ছে, যাতে বেশি সংখ্যক কৃষক এর সুফল পান।
কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় একদিকে যেমন মৌসুমি ঝুঁকি কমছে, অন্যদিকে উন্নতমানের চারা উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় ও উৎপাদনশীলতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিরলের পলি নেট হাউজ তাই কৃষিতে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবর্তনের একটি সম্ভাবনাময় উদাহরণ হয়ে উঠছে।