
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ হিসাব ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। পাশাপাশি নতুন করে ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।