
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।
এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৭৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তার একদিন আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) একই মানের স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে।
অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে।