ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৩:৫১ বিকাল

Link Copied!

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারে পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা-কূশলী ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) বিএফডিসি’র জহির রায়হান অডিটোরিয়ামে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র আয়োজনে “চলচ্চিত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন: পরিচালক ও সংশ্লিষ্টদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় বিষয়গুলো উঠে আসে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র সভাপতি শাহিন সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চলচ্চিত্র পরিচালক ছট্কু আহমেদ, পরিচালক সমিতি’র সহ-সভাপতি আবুল খায়ের বুলবুল, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, চলচ্চিত্র পরিচালক এফআই মানিক ও জয়নুল আবেদীন, বিইআর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস্ সৈয়দা অনন্যা রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী ডা. ইফতেখার মুহসিন এবং সভা পরিচালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

শাহিন সুমন বলেন, চলচ্চিত্রে নেতিবাচক চরিত্র তুলে ধরতে দুই ঘন্টায় শতাধিক ধূমপান, মাদক সেবনের দৃশ্য রাখার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। এখন নিষিদ্ধ মাদক সেবনের দৃশ্য প্রচার হচ্ছে যা তরুণ প্রজন্মেও জন্য হুমকি। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চলচ্চিত্র পরিচালক সমিতির চার শতাধিক সদস্যদেরকে সচেতন করতে হবে, জানান তিনি।

অধ্যাপক ড. অরূপরতন চেীধুরী বলেন, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই অবগত। কিন্তু তামাক কোম্পানিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচণা তামাক পণ্যের ব্যবহার কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং বিশেষ করে কিশোর-তরুণদের ভয়াবহ তামাক ও মাদকের নেশায় ধাবিত করছে। তাই তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে নাটক ও চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং সমাজের সকলের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তামাকবিরোধী সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

বক্তারা বলেন, তরুণরা প্রাণঘাতী তামাক ব্যবহারে ঝুঁকছে এবিষয়ে গবেষণা প্রয়োজন। তবে পরিবার থেকে আগে সচেতনতা শুরু করতে হবে। পাশাপাশি চলচ্চিত্রে সুস্থ ও স্বাভাবিক বিনোদন এর মাধ্যমে তামাকের কু-ফল ও আইনের বিষয়গুলো সকলের কাছে পৌছে দিতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে। কেননা, চলচ্চিত্রে নায়ক এবং কেন্দ্রীয় চরিত্রের দ্বারা দর্শক বিশেষ করে কিশোর-তরুণরা প্রভাবিত হয়। ধূমপান, মাদকের মতো নেতিবাচক দৃশ্য পরিহার এবং বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। চলচ্চিত্রে তামাকের দৃশ্য না রেখেও ভালো মানের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদেরকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে শিল্পী ও নির্মাতাদের এ বিষয়ে সজাগ থাকা প্রয়োজন।

উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর সংশোধনী ২০২৬ অনুসারে, সিনেমা, নাটক বা প্রামান্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য নিষিদ্ধ করা হয়েছে।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ এর অধিক চলচ্চিত্র পরিচালকবৃন্দ, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ডাব্লিউবিবি ট্রাস্ট ও নাটাব এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন