
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করতে এগিয়ে এসেছে চীন সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে চীনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধী বিভিন্ন উপকরণ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সম্মেলন কক্ষে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। শুধু জুন মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। এর আগের মাস মে-তে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৩ এবং মৃত্যু হয়েছিল ৩ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মশার প্রজননস্থল ধ্বংস ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীন সরকারের এ সহায়তা ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশের চলমান প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।