ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

টিকাদানের হার কমায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপে ফিরছে হাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ বিকাল

Link Copied!

টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। একসময় নির্মূল হওয়া রোগটি নতুন করে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে ভুল তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা না নেওয়ার প্রবণতা এ পরিস্থিতির অন্যতম কারণ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ আবারও বাড়তে থাকায় মঙ্গলবার প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) ঘোষণা করেছে, দেশটির হাম নির্মূলের অর্জন আর বজায় নেই। চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইউটাহ অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

ইউটাহ অঙ্গরাজ্যের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ট্রাহার্ন ডব্লিউ জোনস এএফপিকে বলেন, একসময় হামকে ইতিহাসের রোগ বলে মনে করা হতো। যুক্তরাষ্ট্রে এ রোগের রোগী দেখার কথা ছিল না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তাঁর ভাষায়, এটি যেন অতীতের কোনো ভূতকে বাস্তবে ফিরে আসতে দেখার মতো।

জোনসের ধারণা, অত্যন্ত সংক্রামক এ রোগে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। কারণ, চলতি বছর তিনি নিজেই বহু আক্রান্ত শিশুর চিকিৎসা করেছেন।

হাম আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত লালচে ফুসকুড়ি দেখা দেয়। পাশাপাশি জ্বর ও শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। এসব জটিলতা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা এমনকি মৃত্যুর কারণও হতে পারে।

জোনস বলেন, হামে আক্রান্ত শিশুরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়। একটি শিশুর জীবনে এর চেয়ে ভয়াবহ অসুস্থতার অভিজ্ঞতা খুব কমই হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি শিশু হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেসিকা এরিকসন জানান, চলতি বসন্ত থেকে এ পর্যন্ত তাঁর বিভাগে প্রায় ৩০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিতে এসেছেন।

চলতি বছর পেনসিলভানিয়ায় ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। অঙ্গরাজ্যটিতে আমিশ সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে এ সম্প্রদায়ের অনেকেই টিকা গ্রহণ করেন না। অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই টিকা নেননি।

এরিকসন বলেন, সাধারণ ভাইরাসজনিত রোগের তুলনায় হামের জ্বর অনেক বেশি তীব্র হয়ে থাকে। এ ভাইরাস সরাসরি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি বেড়ে যায়।

তাঁর হিসাব অনুযায়ী, হামে আক্রান্তদের প্রায় ১০ থেকে ২০ শতাংশের ক্ষেত্রে মূল রোগের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। এমনকি হামের কারণে মস্তিষ্কে স্থায়ী ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে, যার লক্ষণ ১০ বছর পরও প্রকাশ পেতে পারে।

অন্যদিকে চিকিৎসক পল অফিট বলেন, হামের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই ভুলে গেছেন, এ ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ গুরুতর অসুস্থ হতে পারে, এমনকি মারাও যেতে পারে।

তিনি মনে করেন, চিকিৎসার স্বাধীনতার নামে টিকা না নেওয়ার সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য নয়, অন্যদের জন্যও বিপজ্জনক। কারণ, আক্রান্ত ব্যক্তি প্রাণঘাতী সংক্রমণ অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন।

বিশেষজ্ঞ জোনসের মতে, যুক্তরাষ্ট্রে হাম ফিরে আসার অন্যতম বড় কারণ হলো ভুল তথ্যের বিস্তার। ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরস্পরবিরোধী বক্তব্য ও তথ্যের কারণে অনেক পরিবার হামের টিকার গুরুত্ব সম্পর্কে বিভ্রান্ত হচ্ছে। ফলে শিশুদের টিকা না দেওয়ার প্রবণতা বাড়ছে, যা সংক্রমণ বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

৫ দফায় স্বর্ণের দাম কমল ১২ হাজার টাকা, আজ বাজারে কত?

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সিডনি অপেরা হাউস-পম্পেইসহ বিশ্ব ঐতিহ্য

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন