
দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো ও নতুন কূপ খননের মাধ্যমে সংকট মোকাবিলা করে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, সেই সময় দিতে হবে।’
তিনি বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে দেশের জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রায় দুই বছর সময় প্রয়োজন।
অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদা বেশি থাকায় সংকট আরও দৃশ্যমান হয়েছে।
এর আগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালায় অংশ নেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী।