পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে সারগোধা জেলার কোট মোমিন শহর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জিও নিউজ। উদ্ধারকারী দলের কর্মকর্তাদের মতে, ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশের ঘালা পুর বাংলো খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় খালটিতে পানি না থাকলেও ট্রাকটি উল্টে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
এদিকে পুরো পাঞ্জাব প্রদেশজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে, যার ফলে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীতকালে ভোর ও রাতে কুয়াশার কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে চালকদের ধীরগতিতে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


