ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক কচ্ছপের বাসা শনাক্ত হওয়ার পর সেখান থেকে জন্ম নিয়েছে ৭৫টি অলিভ রিডলি প্রজাতির বাচ্চা কচ্ছপ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি সৈকতে পাওয়া ডিম থেকে জন্ম নেওয়া এসব কচ্ছপকে সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবমুক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, শক্তিশালী এল নিনো এবং সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন কচ্ছপগুলোর স্বাভাবিক বিচরণক্ষেত্রের বাইরে এসে বাসা বাঁধার পেছনে ভূমিকা রাখতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ১৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সিল বিচ ও হান্টিংটন বিচে দুটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের বাসা শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সামুদ্রিক কচ্ছপের বাসা শনাক্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। প্রায় দুই মাস পর এসব বাসার ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে।

ডিমগুলো নিরাপদে ফুটিয়ে তোলার দায়িত্ব নেয় লং বিচের অ্যাকুয়ারিয়াম অব দ্য প্যাসিফিক। গত ১৪ নভেম্বর সিল বিচের বাসা থেকে জন্ম নেওয়া ৫৪টি বাচ্চা কচ্ছপকে সমুদ্রে অবমুক্ত করা হয়। পরদিন ১৫ নভেম্বর হান্টিংটন বিচের বাসা থেকে জন্ম নেওয়া আরও ২১টি কচ্ছপকে প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে ৭৫টি বাচ্চা কচ্ছপ নতুন করে সাগরে যাত্রা শুরু করেছে।

ঝড়ের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছিল ২০৪টি ডিম

গত ১৬ সেপ্টেম্বর সিল বিচে একটি অলিভ রিডলি কচ্ছপকে বালু খুঁড়ে বাসা তৈরি করে ডিম পাড়তে দেখা যায়। এর তিন দিন পর ১৯ সেপ্টেম্বর হান্টিংটন বিচেও একই প্রজাতির আরেকটি কচ্ছপকে ডিম পাড়তে দেখা যায়।

তবে সেপ্টেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড় পোলোর আশঙ্কা তৈরি হলে ডিমগুলো নিয়ে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য ঝড় ও জোয়ারের কারণে বাসা দুটি থেকে মোট ২০৪টি ডিম সরিয়ে অ্যাকুয়ারিয়াম অব দ্য প্যাসিফিকের প্রাণী পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে ডিমগুলো ফুটে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত পরিচর্যা করা হয়।

সিল বিচের ডিমগুলো থেকে ৫৮ দিনের ইনকিউবেশন বা কৃত্রিমভাবে উপযুক্ত পরিবেশে ডিম ফোটানোর প্রক্রিয়া শেষে বাচ্চা জন্ম নেয়। এরপর অন্ধকার ভোরে কচ্ছপগুলোকে সমুদ্রসৈকতে নিয়ে অবমুক্ত করা হয়। হান্টিংটন বিচের কচ্ছপগুলোকেও একইভাবে তাদের মূল বাসার কাছাকাছি সৈকতে ফিরিয়ে দেওয়া হয়।

কেন ক্যালিফোর্নিয়ায় বাসা বাঁধছে গ্রীষ্মমণ্ডলীয় কচ্ছপ?

অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রাণী। প্রশান্ত, ভারত ও আটলান্টিক মহাসাগরের উষ্ণ পানিতে এদের বিচরণ দেখা যায়। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত পর্যন্ত এদের বাসা বাঁধার পরিচিত এলাকা বিস্তৃত থাকলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সৈকতে এভাবে বাসা বাঁধার ঘটনা আগে নথিভুক্ত হয়নি।

কচ্ছপগুলো কেন হঠাৎ করে ক্যালিফোর্নিয়ার সৈকতকে ডিম পাড়ার স্থান হিসেবে বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে অ্যাকুয়ারিয়াম অব দ্য প্যাসিফিকের ধারণা, আসন্ন এল নিনোর প্রভাব, সাম্প্রতিক গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, প্রজাতিটির বিচরণক্ষেত্র সম্প্রসারণ কিংবা দিকনির্ণয়ে ভুলের কারণে এমনটি হতে পারে। অলিভ রিডলি কচ্ছপের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও রয়েছে।

অ্যাকুয়ারিয়াম অব দ্য প্যাসিফিকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি ফ্লোকেন বলেন, প্রাণীরা তাদের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে অপ্রত্যাশিতভাবে খাপ খাইয়ে নিচ্ছে। এ অবস্থায় বিপন্ন ও ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোর টিকে থাকার সুযোগ তৈরি করতে মানুষেরও নিজেদের মানিয়ে নিতে হবে এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাচ্চা কচ্ছপগুলো বড় হয়ে ভবিষ্যতে আবার একই সৈকতে ডিম পাড়তে ফিরতে পারে। এতে প্রজাতিটির বিচরণক্ষেত্র সম্প্রসারণ ও টিকে থাকার নতুন সুযোগ তৈরি হতে পারে।

তৃতীয় বাসার ডিম ভাসিয়ে নিয়ে গেছে জোয়ার

এদিকে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে গত ১ নভেম্বর তৃতীয় একটি কচ্ছপের বাসার সন্ধান পাওয়া যায়। তবে অস্বাভাবিক উচ্চ জোয়ারে বাসাটির ডিম ভেসে যায়। এল নিনোর প্রভাবে সৃষ্ট জোয়ারের উচ্চতা বৃদ্ধিই এর সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে।

সিল বিচ ও হান্টিংটন বিচের বাসা থেকে কচ্ছপের বাচ্চা জন্ম নেওয়ার পরও গবেষকেরা নতুন কোনো বাসার সন্ধান পাওয়ার বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণকে পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার সৈকতে অলিভ রিডলি কচ্ছপের বাসা বাঁধার ঘটনা সামুদ্রিক প্রাণীদের বিচরণক্ষেত্রে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এল নিনো ও সমুদ্রের পরিবেশগত পরিবর্তন ভবিষ্যতে এসব প্রাণীর আবাসস্থল এবং সংরক্ষণ ব্যবস্থাপনায় কী ধরনের প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণ করা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮

বর্ষার আগেই ২২ খাল খনন করবে ডিএসসিসি

এক দিনে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতে প্রাণহানি ৫০২

আট বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: অর্থমন্ত্রী

পৃথিবীকে ঠান্ডা করতে বায়ুমণ্ডল থেকে কার্বন সরানোর পরিকল্পনা

পায়ের ব্যথা ও ক্লান্তি কমাতে রাতে করুন যে ব্যায়াম