
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থলগুলো ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় বন্যা, ভূমিক্ষয়, অতিরিক্ত তাপমাত্রা ও চরম আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের। ঝুঁকির তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস, ইতালির প্রাচীন নগরী পম্পেইসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্যস্থল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে এসব ঐতিহ্যস্থল সংরক্ষণ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী ঐতিহাসিক স্থাপনাগুলো জলোচ্ছ্বাস, উপকূলীয় প্লাবন ও ভূমিক্ষয়ের কারণে বড় ধরনের হুমকির মুখে রয়েছে।
২০২৬ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত কার্বন ব্রিফের এক বিশ্লেষণে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী নিচু এলাকায় অবস্থিত ৪৯টি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যস্থলের প্রায় সবগুলোই উপকূলীয় ক্ষয় অথবা ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৪২টি স্থাপনা উপকূলীয় ক্ষয় এবং ৩৭টি স্থাপনা চরম বন্যার ঝুঁকিতে রয়েছে। তালিকায় ইতালির পম্পেই ও হারকুলেনিয়াম নগরীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তিউনিসিয়ার প্রাচীন কার্থেজ নগরী এবং তুরস্কের ইফেসাস নগরীর নাম রয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে জাপানের হিরোশিমা পিস মেমোরিয়াল, দক্ষিণ আফ্রিকার রবিন আইল্যান্ড, চিলির রাপা নুই এবং অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসও রয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পরিবেশ ও পানি বিষয়ক বিভাগের একটি মূল্যায়ন প্রতিবেদনে সিডনি অপেরা হাউসের জন্য কয়েকটি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাসজনিত বন্যা, তীব্র ঝড়, অতিবৃষ্টি, দাবানলের ধোঁয়া ও অতিরিক্ত তাপমাত্রা।
প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের পানি বৃদ্ধি ও জলোচ্ছ্বাসের কারণে স্থাপনাটির আশপাশে পানি প্রবেশ এবং বন্যার ঝুঁকি বাড়তে পারে। এতে ভবনের কাঠামো ও নির্মাণসামগ্রীর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তীব্র আবহাওয়ার কারণে দর্শনার্থীদের চলাচল, পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। মূল্যায়নে ২০৫০ সাল নাগাদ সিডনি অপেরা হাউস এলাকায় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়ার এবং ২০৯০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ০ দশমিক ৬৬ মিটার পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০৫০ সালের মধ্যে ঝুঁকিতে পড়তে পারে আফ্রিকার ১৯১ ঐতিহ্যস্থল
জলবায়ু পরিবর্তনের কারণে ঐতিহ্যস্থলগুলোর ঝুঁকি নিয়ে ২০২২ সালে নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে একটি গবেষণা প্রকাশিত হয়। গবেষণায় আফ্রিকার উপকূলীয় ২৮৪টি প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থলের ওপর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় বন্যা ও ভূমিক্ষয়ের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দেখা গেছে, এসব স্থানের মধ্যে ৫৬টি ইতিমধ্যে শতবর্ষী চরম উপকূলীয় বন্যা ও ক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। মাঝারি মাত্রার গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিস্থিতিতে ২০৫০ সাল নাগাদ ঝুঁকিপূর্ণ স্থানের সংখ্যা বেড়ে প্রায় ১৯১ হতে পারে। উচ্চ নিঃসরণের পরিস্থিতিতে এ সংখ্যা প্রায় ২০০-তে পৌঁছাতে পারে।
গবেষকদের মতে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো গেলে অতিমাত্রায় ঝুঁকিতে থাকা ঐতিহ্যস্থলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তবে গবেষণার ১৯১ সংখ্যাটি বিশ্বের সব ইউনেসকো ঐতিহ্যস্থলের নয়। এটি আফ্রিকার ২৮৪টি প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থল নিয়ে করা গবেষণার সম্ভাব্য পূর্বাভাস। এসব স্থানের মধ্যে ইউনেসকো ও রামসার কনভেনশনের স্বীকৃত এবং বিবেচনাধীন স্থানও অন্তর্ভুক্ত ছিল।
বিশ্বের ৮০ শতাংশ সাংস্কৃতিক ঐতিহ্যস্থলে জলবায়ুর বিরূপ প্রভাব
২০২৫ সালের ৫ আগস্ট কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় বিশ্বের ইউনেসকো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্যস্থলগুলোর জলবায়ুজনিত ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ৮০ শতাংশ সাংস্কৃতিক ঐতিহ্যস্থল ইতিমধ্যে তাপমাত্রা ও আর্দ্রতার ক্ষতিকর পরিবর্তনের মুখে রয়েছে। প্রায় ১৯ শতাংশ ঐতিহ্যস্থল পাথর ও কাঠের মতো একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণসামগ্রীর ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
গবেষকদের মূল্যায়নে, কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিস্থিতি বজায় রাখা গেলে ভবিষ্যতে ঝুঁকিতে থাকা স্থাপনাগুলোর প্রায় ৪০ শতাংশকে গুরুতর অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। তবে শুধু নিঃসরণ কমানোই যথেষ্ট নয়, স্থাপনাগুলোর উপযোগী সংরক্ষণ ও অভিযোজন ব্যবস্থাও প্রয়োজন।
কী বলছে ইউনেসকো?
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো জলবায়ু পরিবর্তনকে বিশ্ব ঐতিহ্যস্থলগুলোর অন্যতম বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যস্থলগুলোর প্রায় ছয় ভাগের এক ভাগ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া বিশ্ব ঐতিহ্যবাহী শহরগুলোর এক-তৃতীয়াংশ উপকূলীয় এলাকায় অবস্থিত। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় দুর্যোগের কারণে এসব শহরও ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়ছে।
ইউনেসকোর তথ্যমতে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের ৬০ শতাংশ বিশ্ব ঐতিহ্যস্থল ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় বন্যা ও ক্ষয়ের ঝুঁকির কথা জানিয়েছে। সংস্থাটি এসব স্থাপনা রক্ষায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, নিয়মিত পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু পর্যটন আকর্ষণ নয়; এগুলো মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোতে বন্যা প্রতিরোধ, পানি নিষ্কাশন, কাঠামোগত সংস্কার ও নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর স্বকীয়তা ও অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
তথ্যসূত্র: নেচার ক্লাইমেট চেঞ্জ, কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইউনেসকো, কার্বন ব্রিফ ও অস্ট্রেলিয়া সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক মূল্যায়ন প্রতিবেদন।