
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল হলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্স-এর যৌথ অভিযানে এ জব্দ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ১ হাজার ৩৪৫ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ও রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার ফ্লাইট OV-493-এর যাত্রী মো. শামসুদ্দিনের লাগেজ তল্লাশি করে প্রথমে ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আটক যাত্রী মো. শামসুদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়।
মোহাম্মদ ইব্রাহীম খলিল, জনসংযোগ কর্মকর্তা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জানান, জব্দ করা সিগারেট থেকে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়ের হিসাব করা হয়েছে। বর্তমানে জব্দকৃত পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।