
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে অরিসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি জানান র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে রিয়াজউদ্দিন বাজারের ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়।
অভিযানে ভবনটির কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে অরিসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
র্যাব কর্মকর্তা জানান, জব্দ করা সিগারেটের অবৈধ আমদানি, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
মেজর জালিস মাহমুদ খান বলেন, চট্টগ্রাম মহানগরের বড় চোরাই পণ্যের বাজার হিসেবে পরিচিত রিয়াজউদ্দিন বাজারে সংঘবদ্ধ একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি, মজুত ও বিক্রি করে আসছিল।
তিনি আরও বলেন, রিয়াজউদ্দিন বাজারে শুধু অবৈধ সিগারেট নয়, চোরাই মোবাইল ফোন থেকে শুরু করে স্বর্ণ পাচারের সঙ্গেও বিভিন্ন চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে র্যাব-৭ নিয়মিত বাজারটিতে নজরদারি চালাচ্ছে এবং ভবিষ্যতেও এ নজরদারি অব্যাহত থাকবে।