
তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার প্রভাবে যুক্তরাজ্যে এ বছর আকারে ছোট হচ্ছে বড়দিনের অন্যতম জনপ্রিয় সবজি ব্রাসেলস স্প্রাউট (Brussels sprouts)। গ্রীষ্মজুড়ে অতিরিক্ত গরম ও পানির সংকটে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় এবার বাজারে স্বাভাবিকের তুলনায় ছোট আকারের স্প্রাউটের সরবরাহ বেড়েছে। বড়দিনের উৎসবকে সামনে রেখে বিষয়টি দেশটির সবজি উৎপাদন ও সরবরাহ খাতে নতুন বাস্তবতা তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে সাধারণত মার্চ থেকে জুনের শুরুর দিকে খোলা জমিতে ব্রাসেলস স্প্রাউটের চারা রোপণ করা হয়। ফলে এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ডের অধিকাংশ এলাকা ও ওয়েলসে একের পর এক তাপপ্রবাহ এবং খরা দেখা দেওয়ার সময় ফসলগুলো জমিতেই ছিল। পানির মজুত কমে যাওয়ায় কৃষকেরা প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দিতে পারেননি। এতে স্প্রাউটের পাশাপাশি বাঁধাকপি, ব্রকলি ও ফুলকপির মতো অন্যান্য সবজির বৃদ্ধিও ধীর হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলস স্প্রাউট গাছের কাণ্ডে নিচ থেকে ওপরের দিকে পরিপক্ব হয়। সাধারণত কাণ্ডের নিচের অংশে বড় এবং ওপরের দিকে ছোট আকারের স্প্রাউট জন্মায়। সুপারমার্কেট ও অন্যান্য খুচরা বিক্রেতারা সাধারণত কাণ্ডের মাঝামাঝি অংশের মাঝারি আকারের সবজিগুলো সংগ্রহ করেন। ফলে আকারে ছোট স্প্রাউটের একটি বড় অংশ প্রচলিত বাজারে বিক্রির সুযোগ পায় না।
তবে এ বছর ছোট আকারের স্প্রাউটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম অপচয়ের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান অডবক্সের (Oddbox) তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় এবার তাদের কাছে ছোট আকারের স্প্রাউটের সরবরাহ অনেক বেশি এসেছে।
প্রতিষ্ঠানটির সোর্সিং বিভাগের প্রধান গ্যাভিন ফেলপস জানান, সাধারণত যেসব ছোট আকারের স্প্রাউটের জন্য কৃষকেরা ক্রেতা খুঁজে পান না, সেগুলোই অডবক্স সংগ্রহ করে। কিন্তু এবার এ ধরনের সবজির পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি।
যুক্তরাজ্যে উৎপাদিত স্প্রাউটের বড় একটি অংশ আসে ইংল্যান্ডের লিংকনশায়ার অঞ্চল থেকে। অঞ্চলটিতে ব্রাসেলস স্প্রাউটসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। তবে এ বছর সেখানে দীর্ঘ সময় ধরে খরা বিরাজ করায় ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে আকারে ছোট হওয়ায় স্প্রাউটের খোসা ছাড়ানো ও প্রস্তুত করা কঠিন হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে গ্যাভিন ফেলপসের মতে, ছোট স্প্রাউট প্রস্তুত করতে কিছুটা বাড়তি সময় লাগলেও বড় আকারের স্প্রাউটের মতো সেগুলো অর্ধেক করে কাটার প্রয়োজন হয় না। ফলে বাড়তি পরিশ্রম অনেকটাই সমন্বয় হয়ে যায়।
যুক্তরাজ্যে সাধারণত সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ব্রাসেলস স্প্রাউট সংগ্রহ করা হয়। তবে বড়দিনের আগের দুই সপ্তাহেই বছরজুড়ে উৎপাদিত এ সবজির প্রায় এক-চতুর্থাংশ খাওয়া হয়। ফলে উৎসবের মৌসুমে আকারে ছোট স্প্রাউটের বাড়তি সরবরাহ বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন জাত উদ্ভাবন ও চাষপদ্ধতির পরিবর্তনের ফলে ব্রাসেলস স্প্রাউটের স্বাদও আগের তুলনায় উন্নত হয়েছে। একসময় তিক্ত স্বাদের কারণে অনেকের অপছন্দের তালিকায় থাকলেও এখন সবজিটির জনপ্রিয়তা বাড়ছে। যুক্তরাজ্যের ইউগভের (YouGov) অক্টোবরের এক জরিপে দেখা গেছে, দেশটির ৫৬ দশমিক ৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ স্প্রাউট পছন্দ করেন। গত ছয় বছরে অপছন্দের হার ২৬ শতাংশ থেকে কমে ২২ শতাংশের নিচে নেমেছে।