
কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, রাতের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বর্তমানে পাটুরিয়া প্রান্তে আটটি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
দেশের অন্যতম ব্যস্ত এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন পারাপার হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের কিছুটা চাপ ও জটলা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মীরা মাঠে কাজ করছেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে এই পরিস্থিতি সাময়িকভাবে অব্যাহত থাকতে পারে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলেই দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।