
ভারতের আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের দাবি, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটির বুধবার বিকেলে মিজোরামের সাইরাংয়ে পৌঁছানোর কথা ছিল। গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে এর ধাক্কায় পেছনের পাঁচটি বগিও লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে যাত্রীদের অভিযোগ, উদ্ধারকাজ চলছে ধীরগতিতে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় কোনো সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেল কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।