
আজ মঙ্গলবার (১ জুলাই) সারাদেশে ‘ব্যাংক হলিডে’ পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে গ্রাহকসেবা বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের শেয়ারবাজার লেনদেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক হিসাব সমাপ্তির দিন হিসেবে বিবেচনা করা হয়। বছরের প্রথম ছয় মাসের আর্থিক হিসাব মিলিয়ে ব্যাংকগুলোকে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুতের সুযোগ দিতে এই দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।
ফলে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট, এটিএম বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বাংলাদেশ ব্যাংক এবং কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় শুধুমাত্র প্রশাসনিক ও অভ্যন্তরীণ হিসাবরক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
শেয়ারবাজারে লেনদেন ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভরশীল হওয়ায় ব্যাংক বন্ধ থাকায় ডিএসই ও সিএসই-তেও আজ লেনদেন বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাবের জন্য আরেকটি ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।