
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। অবশেষে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের আওতায় আসছে পাবনা জেলা সদর। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ঢাকা-পাবনা রুটে নতুন দুটি আন্তনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে। নতুন এই রেলসেবা চালুর ফলে রাজধানীর সঙ্গে পাবনার যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
নতুন রেলসেবা চালু উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এতে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
নিয়মিত চলাচলের সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. এ. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা রুটে ট্রেন চালু করা সম্ভব ছিল। তবে পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তাঁরাও আনন্দিত।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এটি জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি বাস্তবায়নে তিনি রেল মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। অবশেষে ট্রেন চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে।
উল্লেখ্য, পাবনার রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেলপথের যাত্রা ও বিস্তার শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়।
তবে দীর্ঘ সময় ধরে এতসব রেল অবকাঠামোগত উন্নয়নের পরও পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকায় যাতায়াতের জন্য জেলার বাসিন্দাদের সড়কপথ কিংবা বিকল্প রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো। নতুন দুটি আন্তনগর ট্রেন চালুর মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।