ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ । ৩০ জন

দেশের ৮ জেলায় রাতের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার জন্য।