লালমনিরহাট জেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া মাত্র ১০ মিনিটের এই তাণ্ডবেই লণ্ডভণ্ড হয়ে যায় জেলার বিভিন্ন এলাকা।
ঝড়ে সদর, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলাবৃষ্টির তীব্রতায় অনেকের টিনের ঘরের চালা ফুটো হয়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে ঘরবাড়ির ওপর পড়ে। এতে অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রহিমা বেগম বলেন, রাতের শিলাবৃষ্টির ভয়াবহতা এতটাই ছিল যে সন্তানদের নিয়ে সারারাত জেগে থাকতে হয়েছে। ঘরবাড়ি ভেঙে গেলে কীভাবে আবার তৈরি করবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। আদিতমারী উপজেলার কৃষক মাহবুবুর রহমান জানান, তার ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শুকাতে দেওয়া তামাক পাতাও নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, শিলাবৃষ্টির কারণে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, অনেক ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।


