
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাঁর ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।