
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাই শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। তবে বিমানবন্দরটি কবে পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সপ্তাহজুড়ে রিয়াদসহ সৌদি আরবের একাধিক বিমানবন্দরে হামলার ঘটনায় দেশটির বিমান যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থা চাপে পড়েছে। বিশেষ করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং আঞ্চলিক আকাশপথের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।
এর এক দিন পর, রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাত বস্তু বিমানবন্দরের টার্মিনাল ৪-এ আঘাত হানে। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও ১১ জন আহত হন।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা, জিজান ও নাজরান বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে। গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আনাদোলু, আলজাজিরা