ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

প্রতিবেদক
হাসান মাহমুদ
১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ সকাল

Link Copied!

মিয়ানমারে অনিয়ন্ত্রিতভাবে স্বর্ণ ও বিরল খনিজ উত্তোলনের ফলে সৃষ্ট বর্জ্য ও ভারী ধাতু (হেভি মেটাল) সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডের একাধিক নদ-নদীতে ভয়াবহ দূষণ ঘটাচ্ছে। এ সংকট নিরসনে গত আগস্টে থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং চুক্তিটি চূড়ান্ত করার আগে মিয়ানমারের চাপে এর গুরুত্বপূর্ণ শর্তগুলো বাদ দিয়ে এটিকে দুর্বল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, মিয়ানমার থেকে উত্তোলিত এসব খনিজের প্রধান ক্রেতা চীনও এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। সম্প্রতি পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মঙ্গাবে’-র এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ১২ নভেম্বর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেউ মিয়ানমারের রাজধানী নেইপিদো সফর করে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও নদী দূষণ নিয়ে আলোচনা করেন। সফরে ‘যত দ্রুত সম্ভব’ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলা হলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট ছয় পৃষ্ঠার চুক্তিটি স্বাক্ষরের পর তিন মাস পেরিয়ে গেলেও যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়নি।

মঙ্গাবে মূল খসড়া ও স্বাক্ষরিত চূড়ান্ত চুক্তিপত্র বিশ্লেষণ করে দেখেছে, মিয়ানমারের আপত্তিতে চূড়ান্ত চুক্তি থেকে যৌথভাবে পানির নমুনা পরীক্ষা, দূষণের উৎস অনুসন্ধান এবং দূষণকারীদের বিরুদ্ধে আইনগত দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দেওয়া হয়েছে। এমনকি চুক্তিতে আন্তর্জাতিক বা আঞ্চলিক কারিগরি সহায়তা নেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং অনুমতি ছাড়া তথ্য প্রকাশে গোপনীয়তার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

থাই এনজিও ‘রিভার্স অ্যান্ড রাইটস’-এর নির্বাহী পরিচালক পিয়ানপর্ন ডিটেস বলেন, ‘চূড়ান্ত চুক্তিটি মূল প্রস্তাবের চেয়ে অনেক দুর্বল, যা একটি বড় জনস্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে। নদী তীরবর্তী মানুষদের জানার অধিকার আছে তারা যে পানি পান করছে বা যে মাছ খাচ্ছে তাতে কী পরিমাণ বিষ রয়েছে।’

এদিকে প্রায় দুই বছর ধরে মিয়ানমারের খনি থেকে নির্গত আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম ও বিভিন্ন অ্যাসিড থাইল্যান্ডের উত্তরাঞ্চলের কোক, সাই ও রুয়াক নদীসহ মেকং ও সালউইন নদীকে দূষিত করছে। থাইল্যান্ডের দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, সাই নদীর পানিতে আর্সেনিকের মাত্রা লিটারপ্রতি ০.২৮৪ মিলিগ্রাম পাওয়া গেছে, যা দেশটির জাতীয় নিরাপদ সীমার (০.০১ মিলিগ্রাম) চেয়ে ২৮ গুণেরও বেশি।

দূষণের তীব্রতায় গত ৫ নভেম্বর চিয়াং রাই প্রদেশের পানি সরবরাহ কর্তৃপক্ষ নদী থেকে পানি সংগ্রহ ও সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া প্রদেশটির প্রায় ২০ হাজার ৮০০ হেক্টর কৃষিজমি আর্সেনিকে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয় কৃষকদের শরীরেও উচ্চমাত্রার আর্সেনিকের উপস্থিতি মিলেছে। চিয়াং রাই প্রাদেশিক মৎস্য বিভাগের কর্মকর্তা উইথায়া মাসাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কার্যকর ব্যবস্থা না নিলে আগামী ১০ বছরের মধ্যে কোক-সাই-রুয়াক নদীর বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং খাওয়ার মতো কোনো মাছ অবশিষ্ট থাকবে না।’

স্টিমসন সেন্টার ও স্বাধীন গবেষকদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মিয়ানমারের ২ হাজার ২৪৫টি খনির মধ্যে মাত্র ৫৭৭টি সামরিক জান্তার নিয়ন্ত্রণে রয়েছে; বাকি খনিগুলো কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও), পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও ইউনাইটেড ওয়া স্টেট পার্টির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। ফলে শুধু জান্তা সরকারের সঙ্গে চুক্তি করে দূষণ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, মিয়ানমারের এসব খনিজের সবচেয়ে বড় বাজার হলো চীন। চীনা বাণিজ্য তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে দেশটি মিয়ানমার থেকে ২.৫ বিলিয়ন ডলারের খনিজ আমদানি করেছে, যার মধ্যে ৮৭১ মিলিয়ন ডলারের বিরল খনিজ (রেয়ার আর্থ এলিমেন্ট) রয়েছে। এছাড়া থাইল্যান্ড হয়েও বিপুল পরিমাণ খনিজ চীনে রপ্তানি হচ্ছে। এ বিষয়ে ব্যাংকক ও চিয়াং মাইয়ের চীনা দূতাবাস এবং বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, কেবল কাগজে-কলমে চুক্তি স্বাক্ষর নয়, বরং খনি থেকে নির্গত বর্জ্য বন্ধ করা এবং খনিজ সরবরাহ শৃঙ্খলের সঙ্গে জড়িত চীনা প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

Vital Strategies Wraps up Strategic Communication Workshop on Tobacco Control

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ভূমিধস, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নারী

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসা ভাড়ায় নিষেধাজ্ঞা

প্রোস্টেট ক্যানসার শনাক্তে নতুন নির্দেশনা

পরিবেশ দূষণ রোধে চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল তৈরির উদ্যোগ

টিকাদানের হার কমায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপে ফিরছে হাম

RYZE to advance AI innovation through DIGITX partnership

এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স

পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব : গবেষণা

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

৫ দফায় স্বর্ণের দাম কমল ১২ হাজার টাকা, আজ বাজারে কত?