
কৌশলগত ও নিরাপত্তা উদ্বেগের কারণে জাপানের ওকিনাওয়া প্রদেশে অবস্থিত কাদেনা বিমানঘাঁটিতে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’-এর সব ধরনের যানবাহন প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করেছে মার্কিন বিমানবাহিনী। সোমবার (২৬ অক্টোবর) মার্কিন বিমানবাহিনীর ১৮তম উইং-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়।
১৮তম উইং-এর জনসংযোগ বিভাগের প্রধান লেফট্যানেন্ট কর্নেল অ্যালি স্টর্মার এক বিবৃতিতে বলেন, ‘এই যানবাহনগুলো আমাদের কর্মী এবং সামরিক মিশনের জন্য চরম ও পরিহার অযোগ্য ঝুঁকি তৈরি করে।’ তবে নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট কী ধরনের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার ‘ইয়োনহাপ নিউজ এজেন্সি’-র সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, চীনা প্রযুক্তির গাড়িতে থাকা সেন্সর ও আধুনিক ক্যামেরার মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটির ভেতরে থাকা সংবেদনশীল তথ্য (গোপনীয়তা) ফাঁস হওয়া রোধ করতেই মূলত এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ওকিনাওয়ার এই ঘাঁটির পাশাপাশি দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতেও অনুরূপ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার যেকোনো সামরিক হুমকি মোকাবিলার জন্য আমেরিকার অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্রবিন্দু। এর আগে গত জুন মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ‘বিওয়াইডিকে কালো তালিকাভুক্ত করে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছিল চীনের বাণিজ্য মন্ত্রণালয়।