ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ২:৪০ বিকাল

Link Copied!

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার চালকদের স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ে চার দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে মোট ৮০০ জন পেশাদার চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএর ঢাকা মেট্রোর সার্কেল-১ ও সার্কেল-৪-এর আওতায় চার দিন এ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা সম্ভব। কোনো অসুস্থতা চিহ্নিত হলে যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায়। একজন সুস্থ চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে নিরাপদে যাত্রীসেবা দিতে পারেন, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

তিনি আরও বলেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দেশব্যাপী এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রম দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি পেশাদার চালকদের সুস্থ থাকার পাশাপাশি যথাযথ ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। তিনি বলেন, পেশাদার চালকেরা দেশের পরিবহন ব্যবস্থার চালিকাশক্তি। তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সম্ভব হয়। চিকিৎসার মাধ্যমে সুস্থ থেকে চালকেরা দেশের যাতায়াত ব্যবস্থায় অবদান রাখতে পারেন।

ড. আমিনুর রহমান জানান, বিআরটিএর সহযোগিতায় সিআইপিআরবি এ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে চালকদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করা হচ্ছে। তিনি পেশাদার চালকদের যথাযথ প্রক্রিয়ায় ক্যাম্পে অংশ নেওয়ার আহ্বান জানান।

সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ও আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষার এ উদ্যোগ নতুন নয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালে ঢাকার চারটি বড় বাসস্ট্যান্ড এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়েছিল।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিলে চালকেরা নিজেরা সুস্থ থাকতে পারবেন এবং নিরাপদে গাড়ি চালাতে পারবেন। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতেও অবদান রাখা সম্ভব। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ক্যাম্পের সার্বিক দায়িত্ব পালন করছেন সিআইপিআরবির রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। কার্যক্রম তদারকি করছেন সংস্থাটির মেডিক্যাল অফিসার ডা. সামিদ সিদ্দকী। তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন সিআইপিআরবির সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করছেন অপটোমেট্রিস্ট মো. মোসলেম উদ্দিন সোহাগ এবং ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করছেন মিডওয়াইফ সুমাইয়া আক্তার।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন বিআরটিএর ঢাকা বিভাগের পরিচালক মো. মাসুদ আলম, ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল নোমান, লাইসেন্স নবায়ন শাখার সহকারী পরিচালক জিয়াউর রহমান এবং তাঁর দলের সদস্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে সতর্কতা, উদ্বেগ আক্রান্ত ও মৃত্যু নিয়ে