ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

বজ্রপাতের আঘাতে কাঁপল বুর্জ খলিফা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ২:১২ অপরাহ্ণ । ১৪ জন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফা-এর ওপর ভয়াবহ বজ্রপাত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্যাপক ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ঝড়ের সময় হঠাৎ করেই বিশাল বজ্রপাত আঘাত হানে এই আইকনিক স্থাপনাটিতে। তবে এতে ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বজ্রপাতের সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

একই রাতে দুবাই ছাড়াও আবুধাবি ও শারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে ভারী ঝড়-বৃষ্টি হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

২০১০ সালে নির্মিত ১৬৩ তলাবিশিষ্ট বুর্জ খলিফার উচ্চতা প্রায় ২,৭৭২ ফুট। আশপাশে এত উঁচু কোনো স্থাপনা না থাকায় ঝড়ের সময় স্বাভাবিকভাবেই বজ্রপাতের আঘাত ভবনটিতে আসে।

বিশেষজ্ঞদের মতে, ভবনটির দৃঢ় ইস্পাত কাঠামো এবং শীর্ষে থাকা লাইটনিং রডের কারণে এটি বজ্রপাতের আঘাত সহ্য করতে সক্ষম। এই রডের মাধ্যমে বজ্রের বিদ্যুৎ নিরাপদে মাটিতে প্রবাহিত হয়ে যায়, ফলে ভবনের কোনো ক্ষতি হয় না।

বুর্জ খলিফার মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডেভেলপার প্রতিষ্ঠান এমার প্রোপার্টিজ। ভবনটির বীমা মূল্য প্রায় ১৫০ কোটি ডলার।

দর্শনার্থীদের জন্য ভবনটির ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় অবজারভেশন ডেক রয়েছে, যা বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পরও অক্ষত এই ভবনটি আবারও বিশ্ববাসীর নজর কেড়েছে।