ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫

নওগাঁর প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগে গতি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ । ২৪০ জন

যানজট ও জনদুর্ভোগ কমাতে অবশেষে নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জিয়াউল হক।

সভায় জানানো হয়, নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে নওগাঁ শহর যানজটমুক্ত হয়ে আধুনিক নগরীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্মসচিব মিজ নাজনীন ওয়ারেস, উপসচিব জাহিদুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল এবং উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। তারা প্রকল্পের বিভিন্ন ধাপ, করণীয় ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “নওগাঁ শহরের প্রধান সড়ক দ্রুত চার লেনে উন্নীত হলে যানজট কমবে, শহর হবে আধুনিক।” এজন্য তিনি সব শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, “চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে নওগাঁ হবে আধুনিক ও যানজটমুক্ত শহর।” তিনি জানান, প্রকল্প অনুমোদন হয়ে দ্রুত বাস্তবায়িত হবে এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় রাজনৈতিক নেতা, বিভিন্ন দফতরের কর্মকর্তা, ছাত্রসমাজ, গণমাধ্যমকর্মীসহ সুধীজন অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভা শেষে কমিটির সদস্যরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং নওগাঁ সড়ক বিভাগাধীন অন্যান্য উন্নয়ন কার্যক্রমও ঘুরে দেখেন।