ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু রক্ষার আলোচনায় ব্যর্থ বিশ্ব, বিপদে দরিদ্র দেশগুলো

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে কার্যকর কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনা। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় সম্মেলনের মূল চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রায় ৪০টি দেশ। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আপত্তি জানায়। বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদক দেশগুলোর অনড় অবস্থান ও ধনী-দরিদ্র দেশগুলোর মতবিরোধে শেষ পর্যন্ত ভেস্তে যায় ঐকমত্যের প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতার সবচেয়ে বড় মূল্য দিতে হবে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোর মানুষকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, দুই সপ্তাহের আলোচনা শেষে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ কার্যত কোনো সামগ্রিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারাই সম্মেলনের ব্যর্থতার প্রধান কারণ।

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল চুক্তি

সম্মেলনের মূল লক্ষ্য ছিল ‘আন্তালিয়া প্যাক্ট’ নামে একটি চুক্তি গ্রহণ করা। এতে অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতায়ন বাড়ানো, দরিদ্র দেশগুলোকে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের ঝুঁকি কমানোর প্রস্তাব ছিল।

তবে চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় একের পর এক দেশ আপত্তি জানায়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ছোট দ্বীপরাষ্ট্র এবং স্বল্পোন্নত দেশগুলোর একটি বড় অংশ চুক্তিটি প্রত্যাখ্যান করে। বিপরীতে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে স্পষ্ট ভাষা অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি।

দুই পক্ষের অনড় অবস্থানের কারণে প্রায় ৪০টি দেশ চূড়ান্ত অধিবেশনে প্রস্তাবিত চুক্তির বিরুদ্ধে আপত্তি জানায়। ফলে সম্মেলনের মূল সিদ্ধান্তটি আর অনুমোদন করা সম্ভব হয়নি।

আলোচনার ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত হবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী

জলবায়ু সম্মেলনের ব্যর্থতার প্রভাব শুধু কূটনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। বিভিন্ন দেশের পরিবেশকর্মী ও স্থানীয় নেতারা সতর্ক করেছেন, সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত না হওয়ায় জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে।

ব্রাজিলের আদিবাসী নেতা এবং কালচারাল সারভাইভাল নেটওয়ার্কের সদস্য এডসন ক্রেনাক বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ জীবাশ্ম জ্বালানি হলেও সম্মেলনে সেটিকে সরাসরি স্বীকার করা হয়নি। তাঁর মতে, এ বছর তাপমাত্রা বৃদ্ধির কারণে যারা প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভোগের শিকার হয়েছেন, তাদের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে।

অন্যদিকে পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো ইউরোপের দেশগুলোর দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ইউরোপীয় দেশগুলো অন্যদের জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রোডম্যাপ তৈরির আহ্বান জানালেও নিজেরাই জীবাশ্ম জ্বালানি সম্প্রসারণ করছে। পাশাপাশি দরিদ্র দেশগুলোর জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়নেও বাধা দিচ্ছে।

জলবায়ু অর্থায়নেও প্রত্যাশিত অগ্রগতি নেই

সম্মেলনে দরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক তাসনিম এসপ সম্মেলনের ফলাফলকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর মতে, ধনী দেশগুলো এমন অনেক পদক্ষেপ আটকে দিয়েছে, যেগুলো জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।

বিশ্লেষকদের মতে, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর অনেকেই ইতোমধ্যে ঋণসংকট, খাদ্য উৎপাদন হ্রাস এবং অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। এ অবস্থায় পর্যাপ্ত অর্থায়ন না পাওয়া তাদের সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

সম্মেলনে কিছু সিদ্ধান্ত হলেও মূল সংকট অমীমাংসিত

মূল চুক্তি অনুমোদন না হলেও সম্মেলনে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জাস্ট ট্রানজিশন মেকানিজম’। এর মাধ্যমে কয়লা, তেল ও গ্যাসনির্ভর শিল্পে কর্মরত শ্রমিকদের পরিচ্ছন্ন ও কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তার কথা বলা হয়েছে।

তবে জলবায়ু আন্দোলনকর্মীদের মতে, এ উদ্যোগের বাস্তবায়ন ও কার্যকারিতা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই।

এদিকে সম্মেলনের অচলাবস্থা আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্র ও দরিদ্র দেশগুলোর জন্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনই বৈশ্বিক পর্যায়ে নিজেদের দাবি তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা।

গ্লোবাল অ্যালায়েন্স অব টেরিটোরিয়াল কমিউনিটিজের নির্বাহী সচিব হুয়ান কার্লোস জিনতিয়াচ আরকোস বলেন, হতাশা থাকলেও তারা বহুপক্ষীয় সহযোগিতার ওপর আস্থা হারাবেন না। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমেই এ সহযোগিতা এগিয়ে নিতে হবে।

সম্মেলনের বাইরে নবায়নযোগ্য জ্বালানিতে এগোচ্ছে বিশ্ব

কপ৩১-এর আলোচনায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হলেও বাস্তব অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।

প্রতিবেদন অনুযায়ী, চীনে নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মোট সক্ষমতার ৬০ শতাংশে পৌঁছেছে। বিশ্বজুড়ে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ জীবাশ্ম জ্বালানির তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ইউরোপে নতুন গাড়ি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই এখন বৈদ্যুতিক গাড়ি। চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও আইসল্যান্ডের মতো দেশেও বৈদ্যুতিক গাড়ির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

সম্মেলনের আলোচনায় বিদ্যুতায়নের গুরুত্বও উঠে এসেছে। পরিবহন, শিল্প ও ভবনের জ্বালানি ব্যবস্থাকে বিদ্যুতায়নের আওতায় এনে সেই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা গেলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব।

সম্মেলনের সমাপনী বক্তব্যে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও কপ৩১-এর সহসভাপতি ক্রিস বোয়েন বলেন, বাস্তব বিশ্বে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ অনিবার্য। এই পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে, দ্রুত এগোচ্ছে এবং তা আর আগের অবস্থায় ফিরে যাবে না।

সব মিলিয়ে কপ৩১-এর মূল চুক্তি অনুমোদনে ব্যর্থতা বিশ্বজুড়ে জলবায়ু কূটনীতির সীমাবদ্ধতা সামনে এনেছে। তবে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ও বৈদ্যুতিক পরিবহনের প্রসার দেখাচ্ছে, সম্মেলনের সিদ্ধান্তের বাইরে বাস্তব বিশ্বে জ্বালানি রূপান্তর এগিয়ে চলেছে। এখন সেই পরিবর্তনকে আরও দ্রুত ও কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু সম্মেলনে চুক্তি না হওয়াকেই বড় জয় বলছেন বিজ্ঞানী!

সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলন শেষ হলো চুক্তি ছাড়াই!

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, একদিনে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

পোশাক খাতে অস্থিরতায় আইএলওর উদ্বেগ : সংকট সমাধানে সংলাপের আহ্বান

সিগারেট ছাড়াই প্রতিদিন ৯টি সিগারেটের ধোঁয়া নিচ্ছেন দিল্লির মানুষ!

HONOR launches 600S 5G in Bangladesh, unveils brand anthem

দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

‘খুনি রোবট’ থামাতে ব্যর্থ বিশ্ব: হত্যাকাণ্ডের ঝুঁকিতে মানবজাতি

বাড়ি ফেরার পথে এক পরিবারের ৯ জনের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভেপ টানলেই হারাতে পারেন জ্ঞান! অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা