যশোরের অভয়নগর উপজেলায় কয়লা উৎপাদনকারী অবৈধ কাঠের চুল্লির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৪টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা এলাকায় ভৈরব নদীর পাড়সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভয়নগরের সিদ্দিপাশা এলাকায় দীর্ঘদিন ধরে ভৈরব নদীর তীর ঘেঁষে দুই শতাধিক অবৈধ কাঠের চুল্লি গড়ে ওঠে। এসব চুল্লিতে একটি চক্র নির্বিচারে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করছিল। এর ফলে বনজ ও ফলদ গাছ উজাড় হওয়ার পাশাপাশি চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় স্থানীয় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদফতর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, অবৈধ কয়লা চুল্লিগুলোর কারণে মানুষ, পাখি, গাছপালা ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। সে কারণেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে দুই শতাধিক চুল্লির মধ্যে ৭৪টি ধ্বংস করা হয়েছে এবং বাকি চুল্লিগুলো উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


