
হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে মারা গেছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন। অন্যদিকে ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে মোট ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।