
বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে-এমন ধারণা অনেক বাড়ির মালিকের থাকলেও বাস্তবে সব ধরনের গৃহবিমায় বন্যার ক্ষতি অন্তর্ভুক্ত থাকে না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা বিমা দাবি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে সাধারণ গৃহবিমায় বন্যার পানি প্রবেশের কারণে হওয়া ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত না থাকায় অনেকেই আর্থিক ঝুঁকির মুখে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম Tampa Bay Times-এর ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির পর বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের অনেকেই জানতে চাইছেন, তাঁদের বিদ্যমান বিমা পলিসি থেকে কী ধরনের ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। বন্যার ক্ষতি এবং সাধারণ পানিজনিত ক্ষতির মধ্যে পার্থক্য থাকায় বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রেও তৈরি হচ্ছে জটিলতা।
ফ্লোরিডার এক বাড়ির মালিকের অভিজ্ঞতাকে কেন্দ্র করে প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির সময় পানি ঘরে ঢুকে বসার ঘরের কার্পেট ও গ্যারেজের জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, বন্যার ক্ষতি তাঁদের সাধারণ গৃহবিমা পলিসির আওতাভুক্ত নয়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রথমেই পলিসির শর্ত যাচাই করার পরামর্শ দিয়েছেন ফ্লোরিডার আইনজীবী ও রিয়েল এস্টেট বিশেষজ্ঞ গ্যারি এম সিঙ্গার।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ গৃহবিমা (Homeowners Insurance) এবং বন্যা বিমার (Flood Insurance) মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সাধারণ গৃহবিমায় সাধারণত বাইরে থেকে বন্যার পানি উঠে ঘরে প্রবেশ করে যে ক্ষতি হয়, তা কভার করা হয় না। তবে ঝড়ের কারণে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়ে বা জানালা ভেঙে পানি প্রবেশ করলে কিংবা পাইপ ফেটে পানি ছড়িয়ে পড়লে নির্দিষ্ট শর্তে সেই ক্ষতির জন্য বিমা দাবি করা যেতে পারে। ফলে ক্ষতির কারণ কী, তা নির্ধারণ করা বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রথমেই তাঁদের বিদ্যমান বিমা পলিসি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই বাড়ি কেনার সময় ঋণদাতার শর্তে বন্যা বিমা করেন, আবার কেউ আগের মালিকের কাছ থেকে পলিসি গ্রহণ করেন। কোনো কোনো ক্ষেত্রে বিমার প্রিমিয়াম বাড়ির ঋণের কিস্তির সঙ্গে পরিশোধ হওয়ায় মালিকেরা বিষয়টি ভুলে যান। তাই বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগের পাশাপাশি বাড়ি কেনার সময়ের কাগজপত্র ও ঋণের হিসাব যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কনডোমিনিয়ামের ক্ষেত্রে ভবনের মালিক সমিতিরও বন্যা বিমা থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বন্যার ক্ষতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি-দুই ধরনের বিমা সুবিধা রয়েছে। সরকারি ব্যবস্থার আওতায় ন্যাশনাল ফ্লাড ইনস্যুরেন্স প্রোগ্রাম (এনএফআইপি) আবাসিক ভবনের জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার এবং বাড়ির আসবাবপত্র ও ব্যক্তিগত মালামালের জন্য সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত কভারেজ দেয়। তবে এ বিমায় বাড়ি মেরামতের সময় অন্য কোথাও থাকার হোটেল বা অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় সাধারণত অন্তর্ভুক্ত থাকে না।
অন্যদিকে, বেসরকারি বন্যা বিমায় তুলনামূলক বেশি কভারেজ এবং কিছু ক্ষেত্রে বাড়ি মেরামতের সময় বিকল্প আবাসনের খরচ পাওয়ার সুযোগ রয়েছে। তবে বিমা কোম্পানি ও পলিসির শর্ত অনুযায়ী এসব সুবিধার পরিমাণ ভিন্ন হতে পারে। তাই সরকারি ও বেসরকারি বিমার সুবিধা, প্রিমিয়াম এবং ক্ষতিপূরণের সীমা তুলনা করে পলিসি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বন্যা বিমা কেনার ক্ষেত্রেও সময় গুরুত্বপূর্ণ। এনএফআইপির আওতায় নতুন পলিসি সাধারণত কেনার ৩০ দিন পর কার্যকর হয়। বেসরকারি বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে অপেক্ষার সময় এক থেকে দুই সপ্তাহও হতে পারে। তবে কোম্পানিভেদে এ সময়ের পার্থক্য রয়েছে। ফলে কোনো ঝড় বা ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর শেষ মুহূর্তে বিমা করলেও আসন্ন দুর্যোগের ক্ষতিপূরণ পাওয়া নাও যেতে পারে।
বন্যায় ক্ষতিগ্রস্ত হলে বিমা দাবি করার আগে বাড়ির ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জিনিসপত্র ফেলে দেওয়ার আগে সেগুলোর প্রমাণ সংরক্ষণ করা এবং বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ প্রত্যাখ্যানের কারণ লিখিতভাবে চাওয়াও গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিমা পলিসিতে বন্যার ক্ষতি অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে বন্যার ঝুঁকি শুধু নদী বা সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্লোরিডার বিমা নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাতেও বন্যার আশঙ্কা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মোট বন্যা বিমা দাবির প্রায় ২৫ শতাংশ আসে কম ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। ফলে বন্যাপ্রবণ নয়-এমন ধারণা থেকে বিমা সুরক্ষা এড়িয়ে যাওয়া বাড়ির মালিকদের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।