
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও মালবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে শান্ত (২৫) এবং একই উপজেলার পাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা সাজিদ (২৩) ও সুনান মাঝি (২০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাজিদ ও সুনান মারা যান।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়।