ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

হিরোশিমার পারমাণবিক হামলার পরও বেঁচে ছিল যে গাছ

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ সকাল

Link Copied!

পৃথিবীতে এখন পর্যন্ত যত উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব ছিল, তার প্রায় ৯৭ শতাংশই বিলুপ্ত হয়ে গেছে। তবে তাদের বিবর্তনের নানা চিহ্ন এখনো বেঁচে আছে বর্তমান উদ্ভিদজগতে। জলাভূমির শ্যাওলা থেকে শুরু করে বিশাল বৃক্ষ, ফার্ন, পাইন ও অর্কিড-প্রতিটি উদ্ভিদগোষ্ঠীর মধ্যেই লুকিয়ে রয়েছে পৃথিবীর দীর্ঘ বিবর্তনীয় ইতিহাস। উদ্ভিদজগতের এমনই বিস্ময়কর ইতিহাস তুলে ধরেছেন ব্রিটিশ লেখক ও পেশাদার উদ্যানতত্ত্ববিদ বেন ডার্ক তাঁর নতুন বই ‘গ্রিন কিংডম: দ্য ফ্যামিলি হিস্ট্রি অব প্ল্যান্টস’-এ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ২০ নভেম্বর প্রকাশিত এক পর্যালোচনায় বইটিকে উদ্ভিদজগতের সমৃদ্ধ প্রাকৃতিক ইতিহাসের এক আকর্ষণীয় বিবরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বইটিতে উদ্ভিদের বিবর্তন, প্রাচীন উদ্ভিদগোষ্ঠীর টিকে থাকা, বিলুপ্ত প্রজাতির উত্তরাধিকার এবং মানুষের সঙ্গে উদ্ভিদের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরা হয়েছে।

লেখক বেন ডার্ক বইটির প্রতিটি অধ্যায়ে একটি করে উদ্ভিদগোষ্ঠীর ইতিহাস অনুসরণ করেছেন। প্রাচীন জলজ উদ্ভিদ থেকে শুরু করে স্থলভাগে উদ্ভিদের বিস্তার এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিবেশে তাদের অভিযোজনের কাহিনি উঠে এসেছে এতে। শুধু গোলাপ বা অর্কিডের মতো পরিচিত উদ্ভিদ নয়, জলাভূমির শ্যাওলা ও অপেক্ষাকৃত অপরিচিত উদ্ভিদ নিয়েও রয়েছে তাঁর বিশেষ আগ্রহ।

বইটিতে বলা হয়েছে, পৃথিবীতে উদ্ভিদের বিবর্তন কেবল নতুন নতুন প্রজাতির জন্মের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, ভূতাত্ত্বিক রূপান্তর এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাস।

ডার্ক দেখিয়েছেন, অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদগোষ্ঠীর বৈশিষ্ট্য কীভাবে তাদের উত্তরসূরি প্রজাতির মধ্যে টিকে রয়েছে। বর্তমানের উদ্ভিদজগতকে বুঝতে হলে তাই তাদের পূর্বপুরুষদের ইতিহাস জানাও জরুরি।

উদ্ভিদের ইতিহাসের সঙ্গে লোককাহিনির সম্পর্কও তুলে ধরেছেন লেখক। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে প্রচলিত ড্রাগন বা দানবের গল্পের সঙ্গে সেখানকার কয়লাখনির অবস্থানের একটি আকর্ষণীয় মিল খুঁজে পেয়েছেন তিনি। তাঁর ব্যাখ্যায়, এসব লোককাহিনির কোনো কোনোটি প্রাচীন বিশালাকৃতির ক্লাবমস বা লাইকোফাইট উদ্ভিদের জীবাশ্ম থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। এসব উদ্ভিদের অবশেষ থেকেই একসময় কয়লার স্তর তৈরি হয়েছিল।

বইটির অন্যতম আবেগঘন অংশে উঠে এসেছে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার পরও বেঁচে থাকা দুটি গাছের গল্প। শতাব্দীপ্রাচীন শুকেয়েন উদ্যানটি বোমা হামলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেখানে একটি পাইন ও একটি জিঙ্কগো গাছ বেঁচে যায়।

বোমার বিস্ফোরণে জিঙ্কগো গাছটি পাতা হারিয়ে সম্পূর্ণ বিবর্ণ হয়ে পড়লেও ওই বছরের গ্রীষ্ম শেষ হওয়ার আগেই আবার নতুন পাতা গজায়। লেখকের মতে, গাছটির কাণ্ডের ভেতরে সেই বছরের বৃদ্ধির বলয়ে একটি বিশেষ চিহ্ন রয়ে গেছে। যেন প্রকৃতির বুকেও ধ্বংস ও পুনর্জীবনের ইতিহাস সংরক্ষিত রয়েছে।

উদ্ভিদ নিয়ে গবেষণায় আধুনিক প্রযুক্তির গুরুত্বও বইটিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে উদ্ভিদের বিবর্তনীয় সম্পর্ক শনাক্ত করা এবং বিভিন্ন প্রজাতির পারস্পরিক যোগসূত্র বোঝার ক্ষেত্রে বিজ্ঞানের অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে লেখকের মতে, শুধু বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত দিয়ে প্রকৃতির সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। একটি অর্কিডের পাপড়ির রং, শ্যাওলার বিস্তার কিংবা কোনো গাছের পাতার গঠন সরাসরি পর্যবেক্ষণ করার মধ্যেও প্রকৃতিকে বোঝার বিশেষ আনন্দ রয়েছে।

বইটির শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিন-ডাহলেম বোটানিক্যাল মিউজিয়ামের ভয়াবহ ধ্বংসের ঘটনা তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময় এক রাতেই জাদুঘরটির প্রায় ৩৫ লাখ সংরক্ষিত উদ্ভিদ নমুনা পুড়ে নষ্ট হয়ে যায়। এসব নমুনা সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও গবেষণার পেছনে বহু বিজ্ঞানীর দীর্ঘদিনের শ্রম জড়িয়ে ছিল।

ডার্কের মতে, আধুনিক প্রযুক্তি উদ্ভিদের ইতিহাস জানার নতুন সুযোগ তৈরি করলেও প্রকৃতিকে কাছ থেকে পর্যবেক্ষণ করার গুরুত্ব কমে যায়নি। বরং বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি প্রকৃতির প্রতি বিস্ময় ও ভালোবাসা ধরে রাখাও জরুরি।

বইটির পর্যালোচক ক্যাথরিন হিউজের মতে, বেন ডার্কের লেখার বিশেষত্ব হলো বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে ইতিহাস, লোককাহিনি ও প্রকৃতির সৌন্দর্যকে একসঙ্গে তুলে ধরা। উদ্ভিদের বিবর্তনের জটিল বিষয়গুলোও তিনি সহজ ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করেছেন।

লেখক দেখিয়েছেন, পৃথিবীর জীববৈচিত্র্য বুঝতে উদ্ভিদকে কেবল খাদ্য, কাঠ কিংবা সৌন্দর্যের উৎস হিসেবে দেখলে চলবে না। পৃথিবীর পরিবেশ ও জীবনের বিকাশে উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গভীর। তাদের বিবর্তনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মানুষের সভ্যতা এবং পৃথিবীর পরিবর্তনের দীর্ঘ কাহিনি।

বইটির মূল বক্তব্য হলো, প্রকৃতিকে জানার জন্য শুধু তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়; প্রয়োজন মনোযোগ দিয়ে দেখা, পর্যবেক্ষণ করা এবং জীবজগতের বৈচিত্র্যের প্রতি বিস্ময় ধরে রাখা।

Facebook Comments Box

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ক্ষতির মুখে রাজবাড়ীর আমন চাষিরা

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ৬ মাসের শিশুর

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

২০২৬ সালে ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুমৃত্যু

যুদ্ধের ক্ষত না শুকাতেই শীতের আঘাত, বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

টিকাদান কমায় বিশ্বজুড়ে ফিরছে হাম, ঝুঁকিতে লাখো শিশু

জলবায়ু সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব? কপ-৩১-এর খসড়ায় যা আছে

জলবায়ু রক্ষার সম্মেলনেই বিপত্তি, চুক্তি থেকে বাদ পড়ল কয়লা-তেল-গ্যাস!