
জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বিরোধে জড়িয়েছে প্রায় ১৩০টি দেশ। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এ নিয়ে আলোচনা অচলাবস্থায় পড়েছে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে স্পষ্ট অঙ্গীকার চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, আফ্রিকার কয়েকটি দেশ ও ছোট দ্বীপরাষ্ট্রগুলো। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি তেলসমৃদ্ধ দেশ এমন অঙ্গীকারের বিরোধিতা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে শনিবার রাত পর্যন্ত সম্মেলনের আলোচনা চলেছে। কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি।
সম্মেলনের অন্যতম প্রধান বিরোধের জায়গা হলো চূড়ান্ত ঘোষণায় ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা’ বা ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ কথাটি রাখা হবে কি না। প্রায় ১৩০টি দেশের একটি জোট এই অঙ্গীকার পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। তবে সৌদি আরব ও কয়েকটি তেল উৎপাদনকারী দেশ চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য রাখতে রাজি নয়।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া বলেন, জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। কারণ, জলবায়ু সংকটের মূল কারণ নিয়েই আলোচনা হচ্ছে। বিষয়টি বাদ পড়লে সম্মেলনের আলোচনা অর্থহীন হয়ে যাবে।
দুবাই সম্মেলনের অঙ্গীকার নিয়েও মতবিরোধ
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে প্রথমবারের মতো দেশগুলো কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পরবর্তী সম্মেলনগুলোতে মতবিরোধ অব্যাহত রয়েছে।
কপ৩১-এর প্রথম খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া থেকে তা বাদ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, আফ্রিকার কয়েকটি দেশ, স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা শনিবার সম্মেলনের সভাপতিদের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
পরিস্থিতি সামাল দিতে রোববার ভোরে চুক্তির তৃতীয় খসড়া প্রকাশ করা হয়। এতে সরাসরি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার নতুন কোনো অঙ্গীকার না থাকলেও তিন বছর আগে দুবাইয়ে গৃহীত ঐকমত্যের উল্লেখ করা হয়েছে। খসড়াটিতে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রযুক্তির জন্য বাধ্যতামূলক লক্ষ্যমাত্রাও বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
জলবায়ু অর্থায়ন নিয়েও বাড়ছে বিরোধ
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়টিও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয় মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে আরও আর্থিক সহায়তা চাইছে ক্ষতিগ্রস্ত দেশগুলো।
উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম পরিচালনায় ধনী দেশগুলোকে তাদের আর্থিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। কিন্তু প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত না হওয়ায় দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।
আফ্রিকাভিত্তিক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহামেদ আদো বলেন, আনতালিয়ায় দেশগুলো এসেছিল জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জীবাশ্ম জ্বালানি নিয়ে অগ্রগতি অর্জনের প্রত্যাশা নিয়ে। কিন্তু এখন তাদের আগের প্রতিশ্রুতিগুলো থেকে সরকারগুলোকে সরে যাওয়া ঠেকাতেই লড়াই করতে হচ্ছে।
কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও বিরোধ
সম্মেলনে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রযুক্তি নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও জ্বালানি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে ভূগর্ভে সংরক্ষণ করা হয়।
সৌদি আরব চূড়ান্ত চুক্তিতে এই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে জোরালো সুপারিশ চায়। তবে অন্য কয়েকটি দেশের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমানোর বিকল্প হিসেবে এই প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা যেন পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদিত হয়, সেই বিষয়টিও খসড়া চুক্তিতে গুরুত্ব পেয়েছে।
সৌদি আরবকে প্রকাশ্যে অবস্থান জানাতে বাধ্য করার চিন্তা
আলোচনায় অচলাবস্থা কাটাতে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোকে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাতে বাধ্য করার একটি উদ্যোগ বিবেচনা করছে কয়েকটি দেশ। এ ক্ষেত্রে আনুষ্ঠানিক উন্মুক্ত অধিবেশনে চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করা হতে পারে। এতে অধিকাংশ দেশের সমর্থন থাকা সত্ত্বেও সৌদি আরব প্রস্তাবের বিরোধিতা করলে তা প্রকাশ্যে চলে আসবে।
তবে এই কৌশল ঝুঁকিপূর্ণ। কারণ, সৌদি আরব ও তার মিত্ররা বিরোধিতা অব্যাহত রাখলে পুরো সম্মেলনের আলোচনা ভেস্তে যেতে পারে।
ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার মনে করেন, অধিকাংশ দেশ যদি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে শক্তিশালী অঙ্গীকার চায়, তাহলে সৌদি আরব শেষ পর্যন্ত বৈশ্বিক ঐকমত্যের বিরুদ্ধে অবস্থান নাও নিতে পারে।
এদিকে সম্মেলনের সহ-সভাপতিত্বকারী অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এবং তুরস্কের মুরাত কুরুম শনিবার রাত পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফাহনবুলেহ জানিয়েছেন, একটি সমঝোতায় পৌঁছাতে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হওয়ায় অনেক প্রতিনিধি দেশে ফেরার ফ্লাইট পরিবর্তন করতে শুরু করেছেন। পর্যাপ্ত প্রতিনিধি উপস্থিত না থাকলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয় কোরাম বজায় রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের মতে, কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্ত শুধু জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বৈশ্বিক অঙ্গীকারের ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো প্রয়োজনীয় অর্থায়ন পাবে কি না, সেটিও স্পষ্ট করবে।