ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

টিকাদান কমায় বিশ্বজুড়ে ফিরছে হাম, ঝুঁকিতে লাখো শিশু

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২১ নভেম্বর ২০২৬, ১:৪৬ বিকাল

Link Copied!

টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে ভুল তথ্য ও অনীহার কারণে বিশ্বজুড়ে আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। একসময় যেসব দেশে রোগটি নিয়ন্ত্রণে এসেছিল, সেসব দেশেও নতুন করে সংক্রমণ বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হামের সংক্রমণ নির্মূলের মর্যাদা হারিয়েছে। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রিয়া, আর্মেনিয়া, স্পেন, আজারবাইজান ও উজবেকিস্তানও একই পরিস্থিতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। অনেক ক্ষেত্রে সংক্রমণের পর নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত শিশুদের অক্সিজেনের জন্য লড়াই করতে হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘অ্যাস মিজলস সার্জেস ইন কান্ট্রিজ হোয়্যার ইট ওয়াজ আন্ডার কন্ট্রোল, চিলড্রেন আর পেইং দ্য প্রাইস’ শিরোনামের প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক ক্যাট লে।

নতুন করে হামের নির্মূল মর্যাদা হারাল তিন দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়ায় হামের স্থানীয় সংক্রমণ আবারও স্থায়ী হয়েছে। ফলে দেশ তিনটি হামের সংক্রমণ নির্মূলের মর্যাদা হারিয়েছে।

কোনো দেশে একই ধরনের হামের ভাইরাসের একই জিনগত বৈশিষ্ট্য ও বংশধারা টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে ছড়িয়ে পড়লে দেশটিতে স্থানীয় সংক্রমণ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে বিবেচনা করা হয়।

ইউনিসেফের ১৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, মেক্সিকোতে চলতি বছরে ১৩ হাজার ৯০০-এর বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৯৮৯-৯০ সালের মহামারির পর দেশটিতে এটি সর্বোচ্চ সংক্রমণ। ২০২৫ সালের শুরুর দিকে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ১ থেকে ৪ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে চলতি বছরে ৫ হাজার ৪০০-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৯৮৯-৯১ সালের পর দেশটিতে এটি সর্বোচ্চ বার্ষিক সংক্রমণ। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা না নেওয়া অথবা টিকা গ্রহণের তথ্য অজানা থাকা ব্যক্তি। আক্রান্তদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ এবং ৫ থেকে ১৯ বছর বয়সীরা ৪০ শতাংশ।

বলিভিয়ায় চলতি বছরে ১০০-এর বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালে শুরু হওয়া এই প্রাদুর্ভাবের মধ্য দিয়ে দেশটিতে দুই দশকেরও বেশি সময় পর স্থানীয়ভাবে হামের সংক্রমণ ফিরে এসেছে।

টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ শিশুদের নিয়মিত টিকাদানের হার কমে যাওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে হামের প্রথম ডোজ টিকা পেয়েছে যোগ্য শিশুদের ৮৪ শতাংশ। দ্বিতীয় ডোজ পেয়েছে মাত্র ৭৭ শতাংশ।

অথচ হাম প্রতিরোধে জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশকে দুই ডোজ টিকার আওতায় আনা প্রয়োজন। এই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বিভিন্ন দেশে টিকাবঞ্চিত শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে আনুমানিক ১ কোটি ১০ লাখ মানুষ হামে আক্রান্ত হয়েছিল। তাদের বেশির ভাগই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। একই বছরে এ রোগে প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়।

হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা টিকাবিহীন বা রোগ প্রতিরোধক্ষমতা না থাকা মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশ সংক্রমিত হতে পারে। ভাইরাসটি বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ছাড়াও একই বদ্ধ স্থানে পরবর্তী সময়ে প্রবেশ করলেও সংক্রমণের ঝুঁকি থাকে।

হামের সংক্রমণে শিশুদের ভয়াবহ পরিণতি

হাম শুধু জ্বর ও শরীরে ফুসকুড়ি তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এ রোগে আক্রান্ত হলে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে পরবর্তী কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত অন্য সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতা বেশি দেখা দেয়।

গুরুতর অবস্থায় হাম থেকে নিউমোনিয়া, মস্তিষ্কের ক্ষতি, শ্রবণশক্তি হারানো, অন্ধত্ব এবং মৃত্যুও হতে পারে।

উগান্ডার মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালের জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এরিক ওবুদেয়া দ্য গার্ডিয়ানকে জানান, একসময় তাঁর হাসপাতালে হামের রোগী প্রায় দেখা যেত না। কিন্তু গত তিন-চার বছরে রোগটি আবার ফিরে এসেছে। তাঁর মতে, শিশুদের টিকা না দেওয়াই সংক্রমণ ফিরে আসার অন্যতম প্রধান কারণ।

তিনি জানান, হামে আক্রান্ত অনেক শিশু নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছে। তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।

টিকা নিয়ে ভুল তথ্য ও অনীহা বাড়াচ্ছে ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, হাম ফিরে আসার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে টিকা নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার, কোভিড-১৯ মহামারির সময় নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, স্বাস্থ্যসেবা গ্রহণে প্রতিবন্ধকতা এবং রোগটির ভয়াবহতা সম্পর্কে মানুষের সচেতনতা কমে যাওয়া।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রসহ বিভিন্ন পর্যায়ে টিকাবিরোধী বক্তব্য ও প্রচারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে বলে যে দাবি প্রচার করা হয়, তা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন।

এমরি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের সহকারী অধ্যাপক বোগুমা টিটানজি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের মতো জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতৃত্ব দেওয়া একটি দেশে টিকাবিরোধী বক্তব্য ছড়িয়ে পড়লে তা অন্য দেশেও টিকার প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে।

তবে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রোগ প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স রিখটার মনে করেন, শুধু টিকাবিরোধী প্রচারণাই এর কারণ নয়। অনেক মানুষ হাম রোগের ভয়াবহতা ভুলে গেছেন। পাশাপাশি টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা, ভাষাগত প্রতিবন্ধকতা, অস্থিতিশীল আবাসন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছানোর অসুবিধাও টিকাদানের হার কমিয়ে দিচ্ছে।

বাংলাদেশেও হামের ভয়াবহ সংক্রমণ

বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়ার এই পরিস্থিতিতে বাংলাদেশও বড় ধরনের প্রাদুর্ভাবের মুখে রয়েছে। দ্য গার্ডিয়ানের ২০ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলতি বছরের মার্চ থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার সন্দেহভাজন হামের সংক্রমণ এবং ১ হাজার ২৮২টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ঢাকার একটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা এবং হাসপাতালে ভর্তির জন্য অপেক্ষমাণ মানুষের ছবিও প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ সুদানের কুয়াজোক স্টেট হাসপাতালের সার্জন ডুয়েট কেজেকিয়া বলেন, দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তাহীনতা বেশি থাকলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ার পাশাপাশি গুরুতর জটিলতার ঝুঁকিও বৃদ্ধি পায়।

দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে পর্যাপ্ত পরীক্ষাগার না থাকায় অনেক সময় ভাইরাস শনাক্ত করতে দেরি হয়। পাশাপাশি গুরুতর রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আলাদা রাখার ব্যবস্থাও পর্যাপ্ত থাকে না।

টিকাদান কর্মসূচি জোরদারের আহ্বান

বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি যেসব শিশু নির্ধারিত সময়ে টিকা নিতে পারেনি, তাদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে টিকা নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সহজ করা জরুরি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, হামের টিকা শিশুদের সুরক্ষা দেয় এবং ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষের জীবন রক্ষা করেছে। প্রতিরোধযোগ্য এই রোগের কাছে বিশ্ব আবারও পিছিয়ে পড়তে পারে না।

বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ নির্মূলের মর্যাদা হারানো মানেই পরিস্থিতি অপরিবর্তনীয় নয়। নিয়মিত ও ব্যাপক টিকাদান, রোগ নজরদারি এবং দ্রুত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের মাধ্যমে আবারও সংক্রমণ বন্ধ করা সম্ভব। তবে এর জন্য সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

আরও পড়ুন

হঠাৎ কেন ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করছে মালয়েশিয়া?

‘হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন’ রোধে ৪টি কার্যকর উপায়

ঢাকায় আবিষ্কৃত যে চিকিৎসা পদ্ধতি বাঁচিয়েছে ৭ কোটি শিশুর প্রাণ

নিয়মিত বাদাম খাওয়ায় বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার : আইসিজের রায়

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘে মানবাধিকার প্রস্তাব পাস, ১২৮ দেশের সমর্থন

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান