
সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা, ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড় নিরাপদ করা, গতিসীমা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-২-এ ডিএনসিসির নগর ভবনের সেমিনার কক্ষে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিআইজিআরএস এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি’র ডিএনসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ – গুলশান জোন) মো. জিয়াউর রহমান। দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন যাবত ঢাকা শহরের অনেক ফুটপাথ দখল, বেদখল হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছিলো। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা পথচারীদের জন্য নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছে। কেউ যেনো অবৈধ উপায়ে ফুটপাথ দখল করে পথচারীদের ঝুঁকি সৃষ্টি করতে না পারে, সেজন্য এই উদ্যোগে আমরা সকল গণমাধ্যমসহ সকল নগরবাসীর সহযোগিতা চাই। এছাড়া, তিনি শিশু, নারী, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে সামর্থ অনুযায়ী ডিএনসিসি সক্রিয় রয়েছে বলে জানান।
ডিএনসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়সমূহ নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন, ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ডিএনসিসি কাজ করছে। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালানোর বিষয়কে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণার পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিআইজিআরএস এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরেন। তিনি ট্রাফিক আইন মেনে চলা, শহরের ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা ও প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর জন্য চালকদের অনুরোধ জানান। ডিটিসিএ’র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ডিটিসিএ একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। তিনি সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার প্রতি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক – গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশকিছু পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল মনিটর করার জন্য এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভিটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০-ফিট সড়কে গতিসীমা লঙ্ঘণের দায়ে জরিমানা করায় গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।
ব্র্যাক এর রোড সেফটি প্রকল্প (জিআরএসপি) এর টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়কসমূহ নিরাপদ করতে সেফ সিস্টেম এপ্রোচকে বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এই এপ্রোচ গ্রহণ করার অঙ্গীকার করেছে। এজন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। প্রবন্ধ উপস্থাপনে ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের বৈশ্বিক দিবসে সড়কে নিহতদের অনুপ্রেরণার স্মৃতি স্মরণ, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকা, সহানুভূতিশীল ও সচেতন সমাজ প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার কথা বলা হয়েছে।
রোডক্র্যাশে নিহত সন্তানের পিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হতে গিয়ে ২টি দ্রুতগামী বাসের প্রতিযোগিতায় আমার মেয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছে। আমি চাই না এভাবে আর কোনো মায়ের কোল খালি হোক। এজন্য সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।
রোডক্র্যাশে ছোট ভাইকে হারানোর মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে স্টেপস এর নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া দ্রুত আইন আকারে পাশের জন্য সরকারের প্রতি আহবান জানান। রোড ক্র্যাশে মারাত্মক আহত বড় বোনের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএস সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। তিনি জানান, তার বোনকে একটি দ্রুতগতির মোটর সাইকেল ধাক্কা দেয়ার পরে তার জীবনের গতি স্থবির হয়ে পড়ে। তাই জীবনের গতি ঠিক রাখতে সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরো আলোচনা করেন নিরাপদ সড়ক চাই—নিসচার মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজ্যুরি প্রিভেনশান রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ—ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার, মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) এর সিনিয়র প্রজেক্ট এন্ড কমিনউনিকেশন অফিসার মো. আবু রায়হান প্রমুখ। সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।