
রাজধানীর কাফরুলে একটি পেট্রোল পাম্পে ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ অপরাধে মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় বিএসটিআইয়ের পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।
বিএসটিআই জানায়, বেগম রোকেয়া সরণির ২২০/এ-২, পশ্চিম কাফরুলে অবস্থিত প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মে জড়িত তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা সহায়তা করেন। মোবাইল কোর্টে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।