
পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে একসঙ্গে জানাজা শেষে তাদের একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়।

সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাদের দাফন করা হয়।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন-গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় এ সহায়তা দেওয়া হবে।