
দেশের বাজারে স্বর্ণের দাম কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। গত ১৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার টাকার নিচে নেমে এসেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। ওই দিন থেকেই নতুন দাম কার্যকর হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এর আগের দিন সোমবার এ মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।