
ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মৃত আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে আছিয়ার জ্বর, সর্দি ও কাশির তীব্রতা বেড়ে যায়। পরে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, হামে আক্রান্ত আট বছর বয়সী শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে, শিশুদের জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।