পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘ফুল বিজু’। চেঙ্গী ও মাইনি নদীর পাড়ে হরেক রকমের ফুল ও প্রদীপ জ্বালিয়ে বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ও বিদায়ের উৎসবে মেতে উঠেছে পাহাড়ের মানুষ।
রোববার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর পাড়ে কলাপাতায় ফুল ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ। এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে অংশ নেন।
উৎসবের মাধ্যমে গঙ্গাদেবীর মঙ্গল কামনা এবং পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানানো হয় বলে জানান অংশগ্রহণকারীরা। নদীর পাড়ে ফুল দিতে আসা মণিষা চাকমা ও প্রণব চাকমা বলেন, ভোরে বিভিন্ন ফুল দিয়ে গঙ্গাদেবীর পূজা এবং সকলের মঙ্গল কামনায় তারা অংশ নিয়েছেন।
উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’, দ্বিতীয় দিন ‘মূল বিজু’ এবং তৃতীয় দিন ‘গজ্যাপজ্যা দিন’ হিসেবে পালন করা হয়। দ্বিতীয় দিনে সাধারণত অতিথি আপ্যায়ন, বৌদ্ধ বিহারে দান-ধ্যান এবং ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এদিকে উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বৈসাবি উৎসবকে কেন্দ্র করে সাত দিনের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ১৭টি পয়েন্টে মোবাইল পেট্রোল এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানান তিনি।


