টেকসই ও ঘাত-সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ার লক্ষ্যে পিকেএসএফ একটি জ্ঞান-বিনিময় সভার আয়োজন করেছে। সভায় জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও বহুফলনশীল ধান চাষ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘Technology-based Income Generation for Farmers’ শীর্ষক এই সভায় মূল উপস্থাপনা দেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এতে আরও বক্তব্য রাখেন সহযোগী সংস্থা FIVDB-এর সভাপতি ড. মনজুর আহমেদ এবং কৃষি বিজ্ঞানী ড. শেখ তানভীর হোসেন।
বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে জমির উর্বরতা সঠিকভাবে ব্যবস্থাপনা, উচ্চফলনশীল ও ঘাত-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং তা দ্রুত মাঠ পর্যায়ে সম্প্রসারণ জরুরি। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও জানান, দেশের কৃষি খাতে অর্থায়নের ৫০ শতাংশের বেশি পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়।
সম্প্রতি গৃহীত ‘কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর আওতায় পিকেএসএফ রপ্তানিমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, জলবায়ু-সহনশীল কৃষি, বাজার উন্নয়ন, টেকসই প্রযুক্তি স্থানান্তর এবং জৈব কৃষি সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সভায় পিকেএসএফ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


