ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ । ২২ জন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৮ মার্চও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেসময় ২২ ক্যারেটের ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বেড়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা, ৪ হাজার ৬৬৬ টাকা এবং ৩ হাজার ৪৯৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। গত বছর রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ সময় দাম বৃদ্ধিই ছিল।