রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে রোগীদের অংশগ্রহণে এ সভা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজন করে পুঠিয়া পৌরসভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। এ সময় বহিঃবিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. সাইদ আহম্মেদ ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, ধূমপান শুধু ধূমপায়ীর জন্যই ক্ষতিকর নয়, আশপাশের মানুষ—বিশেষ করে শিশুরাও পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তামাকবিরোধী আইন কার্যকরে উদাসীনতার বিষয়টিও তিনি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডা. সূচনা মনোহরা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে রোগীদের সচেতন করেন এবং শিশুদের ধূমপানের ধোঁয়া থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিবু দাস বলেন, তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। তিনি পুঠিয়াকে ধূমপান ও তামাকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভায় এমওডিসি ডা. এস এম খালেদ মাহমুদসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া ৫২ বছর বয়সী আকরাম আলী বলেন, সিগারেটের ধোঁয়া অন্যের ক্ষতি করতে পারে—এ বিষয়টি আগে জানা ছিল না। এ ধরনের আলোচনার মাধ্যমে রোগীরা তামাকের ক্ষতি সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন এবং অনেকে ধূমপান ত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন।


